


জয়পুর: এক মহিলার কপালে বন্দুক টেকিয়ে ১১দিন ধরে লাগাতার গণধর্ষণের অভিযোগ উঠল রাজস্থানের আলোয়াড়ে। ছাড়া পেয়ে অভিযোগ জানাতে গেলে বিজেপি শাসিত রাজ্যের পুলিস প্রথমে তা গ্রহণ করতে অস্বীকার করে। অবশেষে আাদালতের নির্দেশে অভিযোগ গ্রহণের পর এফআইআর দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। মহিলার অভিযোগ, ২৪ এপ্রিল রাত ন’টা নাগাদ বাড়ির বাইরে বেরিয়ছিলেন। তখন তিন ব্যক্তি তাঁকে অপহরণ করে গাড়ি করে তুলে নিয়ে যায়। পরে সেই গাড়িতে ওঠেন আরও চারজন। এরপর গাড়িতেই তাঁকে ধর্ষণ করা হয়। তিনি চিৎকার করতে গেলে একজন মুখের মধ্যে কাপড় ভরে দেয়। অন্যরা হাত-পা বেঁধে দেয়। এরপর চলে লাগাতার ধর্ষণ। ঘটনার কথা কাউকে জানানো যাবে না বলে শাঁসিয়ে কপালে বন্দুক ঠেকিয়েও রাখা হয়।
এখানেই শেষ নয়, ৩ লক্ষ টাকা দিয়ে পুরো বিষয়টি মিটিয়ে ফেলার কথাও বলা হয়েছিল মহিলাকে। আর এই রফা না মানলে খুনের হুমকিও দেওয়া হয়। মহিলা জানিয়েছেন, ১১ দিন ধরে ধর্ষণের পর তাঁকে রাস্তার ধারে ফেলে রেখে যায় দুষ্কৃতীরা। স্থানীয়দের সহায়তায় তিনি বাড়ি ফিরে আসেন। পুরো ঘটনার কথা বাড়ির লোককে জানান। তবে খুনের হুমকি থাকায় বাড়ির লোকজন পুলিসের কাছে যেতে প্রথমে ভয় পান। তবে ভয় কাটিয়ে থানায় গেলে পুলিস প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করে। এরপর আদালতে যায় নির্যাতিতার পরিবার। আদালতের নির্দেশে এফআইআর দায়ের করে পুলিস।