


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শনিবার সন্ধ্যায় নবান্ন সভাঘরের সামনে বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের। মৃতার নাম নূপুর চট্টোপাধ্যায় (৫৩)। তাঁর বাড়ি ডোমজুড়ের মাকড়দহ এলাকায়। এদিনের ঘটনায় শহরজুড়ে বেপরোয়া টোটোর দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খোদ পুলিসও।
জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় নবান্নের ডিউটি শেষ করার পর ওই মহিলা সিভিক ভলান্টিয়ার নবান্ন সভাঘরের পাশ দিয়ে হেঁটে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। আচমকা পিছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি টোটো সজোরে তাঁকে ধাক্কা দেয়। তিনি নীচে পড়ে গেলে যাত্রী সমেত টোটোটি তাঁর শরীরের উপর উঠে যায়। নবান্ন সভাঘরের কাছে কর্তব্যরত পুলিসকর্মীরা ছুটে আসেন। সঙ্গে সঙ্গে তাকে কোনা এক্সপ্রেসওয়ের পাশে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে পুলিস টোটো সহ চার আরোহীকে গ্রেপ্তার করেছে। ঘটনার পর এলাকায় যান পুলিস কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী। এদিনের দুর্ঘটনায় শহরে বেপরোয়া টোটো চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হাওড়া সিটি পুলিস। পুলিসের এক পদস্থ কর্তা বলেন, শহরে অবৈধ টোটো নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হবে। আপাতত বিষয়টি আঞ্চলিক পরিবহণ দপ্তর খতিয়ে দেখছে। পুলিস সবরকম ভাবে সাহায্য করবে। স্থানীয় বাসিন্দারা জানান, ছুটির দিনে নবান্নের আশপাশে পুলিস কম থাকে। সেই সুযোগে বকুলতলা, শালিমার এলাকা থেকে কম বয়সি ছেলেরা টোটো নিয়ে এসে স্টান্ট দেখায় নবান্ন বাসস্ট্যান্ড চত্বরে।