


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নাকা চেকিংয়ের সময় কর্তব্যরত এক পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত ন’টা নাগাদ ঘটনাটি ঘটেছে পার্ক স্ট্রিটে একটি নামী হোটেলের সামনে। অভিযুক্ত যুবক আক্রম হোসেনকে গ্রেপ্তার করেছে পার্ক স্ট্রিট থানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার পার্ক স্ট্রিটে নাকা চেকিং চলছিল। কর্তব্যরত অফিসারদের নজরে আসে, একটি বাইক খুব দ্রুতগতিতে আসছে। তাঁরা খেয়াল করেন, বাইকটির নম্বর প্লেট অসম্পূর্ণ। ওই তরুণকে আটকাতে যায় পুলিশ। তখন বাইকচালক পুলিশকে এড়িয়ে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। আটকাতে গেলে এক পুলিশকর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যান বাইকের চালক। পুলিশকর্মী রাস্তায় ছিটকে পড়ে হাতে আঘাত পান। ডিউটিরত অন্য পুলিশকর্মীরা বাইক নিয়ে অভিযুক্ত তরুণকে তাড়া করেন। কিছুটা এগতেই তাঁর বাইকটি ধরে ফেলে পুলিশ। দেখা যায় বাইকের নম্বর প্লেটের সব সংখ্যা নেই। আটক করে তাঁকে থানায় নিয়ে আসা হয়। আহত পুলিশকর্মীও হাসপাতাল থেকে চিকিৎসা করে থানায় ফেরেন। তাঁর অভিযোগের ভিত্তিতে কেস রুজু করে গ্রেপ্তার করা হয় ওই তরুণকে।