


ওয়াশিংটন: রুশ-ইউক্রেন যুদ্ধ থামাতে তৎপরতা শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য হাঙ্গেরির বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আর এই বিষয়টি নিয়ে প্রশ্ন করে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটের বিদ্রুপের মুখে পড়লেন এক সাংবাদিক। এসভি ডেট নামে ‘হাফিংটন পোস্টের’ এই সাংবাদিক ট্রাম্পের সমালোচক হিসেবেই পরিচিত। ওই সাংবাদিককে বামপন্থী বলেও কটাক্ষ করেন লেভিট।
বুদাপেস্টের বৈঠক নিয়ে ১৯৯৪ সালের ঘটনার প্রসঙ্গ টেনে কথা শুরু করেন সাংবাদিক। তিনি বলেন, এই বুদাপেস্টেই ইউক্রেনে সামরিক হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েছিল রাশিয়া। এখন ফের সেই জায়গাকেই বৈঠকের স্থান হিসেবে কে নির্বাচন করল? এর জবাবে লেভিট বিদ্রুপের সুরে বলেন, ‘তোমার মা করেছেন’। স্বাভাবিকভাবেই এমন উত্তর পছন্দ হয়নি সাংবাদিকের। সংবাদমাধ্যমে বিষয়টা নিয়ে সরবও হন তিনি। পালটা সোশ্যাল মিডিয়ায় তাঁদের কথোপকথন প্রকাশ করেন লেভিট। তাঁর দাবি, ট্রাম্পের বিরোধিতা করাই ছিল ওই সাংবাদিকের উদ্দেশ্য। বিভিন্ন বিষয়ে বছরের পর বছর ধরে প্রেসিডেন্ট ট্রাম্পকে আক্রমণ করে চলেছেন। লেভিটের কটাক্ষ, এঁরা সাংবাদিকতা পেশার কলঙ্ক। ব্যক্তিগতভাবেও ওই সাংবাদিক যে ট্রাম্প-বিরোধী বলে দাবি করেন লেভিট।