


সংবাদদাতা, উলুবেড়িয়া: শিশুদের কাছে আরও আকর্ষণীয় ও শিশুবান্ধব করে তুলতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে। নতুন ভবন ও রান্নাঘরের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন শৌচাগারও তৈরি করা হচ্ছে। শুধু তাই নয়, শিশুদের মনোরঞ্জনের জন্য জীবজন্তু, বর্ণমালা, কার্টুনের ছবি দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির দেওয়াল। ফলে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এখন আর শুধু খিচুড়ি সেন্টার নয়, শিশুদের বিকাশের কেন্দ্র হিসাবেই গড়ে উঠছে। আমতা বিধানসভা এলাকায় নতুন করে ১১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হচ্ছে। এর জন্য ব্যয় হচ্ছে ১ কোটি ৪৩ লক্ষ টাকা। প্রশাসন সূত্রে খবর, একেকটি কেন্দ্রের জন্য খরচ হচ্ছে প্রায় ১৩ লক্ষ টাকা করে। নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি হল উত্তর ও দক্ষিণ ভাটোরা, তেগাছিয়া, তাজপুর, মীরপাড়া, জয়ন্তী, কুমারগোড়িয়া ও কাশমলিতে।
আমতার বিধায়ক সুকান্ত পাল বলেন, এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি এতদিন কোনো ক্লাব, আটচালা কিংবা বেসরকারি জায়গায় চলছিল। ফলে শিশুদের সমস্যা হচ্ছিল। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি তৈরি হয়ে গেলে নতুন ভবনে সুন্দর পরিবেশে তারা পড়াশোনা করতে পারবে। নতুন ভবনগুলিতে আলাদা রান্নাঘর ও শৌচালয় থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই কেন্দ্রগুলি তৈরি হয়ে যাবে বলে বিধায়ক জানিয়েছেন।