


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্যে বর্তমানে এক লক্ষের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র চলছে। কেন্দ্রগুলির পরিকাঠামো নিয়ে বরাবরই নানা অভিযোগ ওঠে। আশ্চর্যের ব্যাপার হল, ভাড়াবাড়ির পাশাপাশি যে কেন্দ্রগুলির নিজস্ব বাড়ি আছে, এমন হাজার হাজার কেন্দ্রেও কোনো বিদ্যুৎ নেই! অগত্যা অনেক জায়গায় হুকিং করে আলো-পাখা চালানো হয় বলেও অভিযোগ। গরমে শিশু থেকে অন্তঃসত্ত্বা, সদ্য মায়েরা রীতিমতো হাঁসফাঁস করতে থাকেন। যে কেন্দ্রগুলি শিশুদের বুনিয়াদি শিক্ষা ও স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, তাদেরই কি না এমন দুর্দশা! এমন কথা প্রায়ই বলে থাকেন সাধারণ মানুষ থেকে এলাকাবাসীরা।
কিন্তু এবার সেই সমস্যা থেকে রেহাই পেতে চলেছেন উপভোক্তরা। কারণ এমন প্রায় ৫৫ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। এই সেন্টারগুলির মধ্যে যদি দেখা যায়, কোথাও আলো ও পাখা নেই, তাহলে সেগুলিও লাগিয়ে দেওয়া হবে। বিদ্যুৎ বণ্টন সংস্থা থেকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাগুলির কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা খাত থেকে এই কাজের অর্থ বরাদ্দ করা হবে। কাজ করবে বিদ্যুৎ বণ্টন সংস্থা।
জানা গিয়েছে, নতুন সরকার আসার পর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের হাল ফেরানোর কথা বলেছিল সরকার। যেখানে আলো-পাখা ছাড়া সেন্টার চলছে, সেখানে সেগুলি দেওয়ার কথা ঘোষণা করেছিল সরকার। এবারে বাস্তবায়ন হতে চলেছে সেই সিদ্ধান্ত। জেলায় জেলায় পাঠানো চিঠিতে বলা হয়েছে, একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য কাজ করার জন্য ৬৬১১ করে টাকা দেওয়া হবে। ধাপে ধাপে এই সেন্টারগুলিতে সংযোগ দেওয়ার কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে বিদ্যুৎ বণ্টন সংস্থা। যেসব কেন্দ্রে বিদ্যুতের সংযোগ দেওয়া হবে, সেখানে বসানো হবে স্মার্ট মিটার। পুরো প্রক্রিয়া শেষে একটি সার্টিফিকেট নিয়ে নিতে হবে সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মীর থেকে।