


ইম্ফল, ৭ এপ্রিল: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আশ্বাসই সার। ফের উত্তপ্ত হল মণিপুর। কুকিদের হামলায় মৃত্যু হল দুই শিশুর। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে মণিপুরের বিষ্ণুপুরে। গতকাল অর্থাৎ মঙ্গলবার গভীর রাতে কুকিরা রকেট হামলা চালায়। সেটি গিয়ে পড়ে একটি বাড়িতে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ হয়। তাতেই দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পাশাপাশি তাদের মা-ও গুরুতর ভাবে জখম হয়েছেন। এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরের একাধিক এলাকায়। ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা। একাধিক স্থানে শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত এলাকাবাসীরা রাস্তায় অবরোধ করেন। চুরাচাঁদপুরগামী তিনটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। এর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। জনরোষ সামাল দিতে ইতিমধ্যেই বিষ্ণুপুরে কার্ফু জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং গুজব ছড়ানো রুখতে পাঁচটি জেলায় আগামী তিনদিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।
অন্যদিকে, আহত মহিলাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইয়ামনাম খেমচাঁদ সিং। পাশাপাশি অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করা হবে এমন আশ্বাসও দিয়েছেন তিনি। আজ মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে শান্তি ফেরানোর চেষ্টা চলছে। এরমধ্যেই কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী অশান্তি পাকানোর চেষ্টা করছে। খুব শীঘ্রই এই ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি দেওয়া হবে। এর পাশাপাশি তিনি বলেন, এই বর্বরোচিত হামলা মানবতার উপর আঘাত। মণিপুরের শান্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে। পাশাপাশি সকলকে শান্তি বজায় রাখা এবং ভাঙচুর থেকে বিরত থাকার অনুরোধও জানিয়েছেন তিনি।