


বেলো হরাইজেন্তে: ফুটবল মাঠ হয়ে উঠল রণক্ষেত্র। কিল, ঘুসি, লাথি— চলল সবই। তার জেরে ২৩টি লাল কার্ড। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের মিনেইরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ক্রুজেইরো ও আতলেতিকো মিনেইরো ম্যাচে। ম্যাচের সংযোজিত সময়ে বল দখলের লড়াইয়ে ক্রুজেইরোর উইঙ্গার ক্রিশ্চিয়ানের ট্যাকল হজম করতে পারেননি মিনেইরোর গোলরক্ষক এভারসন। তিনি রীতিমতো চড়াও হন ক্রিশ্চিয়ানের উপর। স্রেফ ধাক্কাধাক্কি নয়, হাঁটু দিয়ে প্রতিপক্ষ ফুটবলারের বুকে চেপে উঠেন তিনি। মুহূর্তে ক্ষোভে ফেটে পড়ে গ্যালারি। ক্রুজেইরোর ফুটবলারও পাল্টা চার্জ করেন মিনেইরোর গোলরক্ষককে। এরপর যা হল তা আর ফুটবল মাঠের লড়াই নয়। দু’দলের ফুটবলার, কোচিং স্টাফদের মধ্যে ১০ মিনিটেরও বেশি সময় চলল নির্লজ্জ মারামারি। মাটিতে লুটিয়ে পড়েন ক্রুজেইরো তথা ব্রাজিলের জাতীয় দলের প্রাক্তন কোচ তিতে। পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যে পুলিশ পর্যন্ত ডাকতে হয়। ম্যাচের রেফারি কোনওমতে পুলিশি পাহারায় মাঠ ছাড়েন। এরপর ম্যাচ রিপোর্টে জানানো হয়, ২৩ জনকে লাল কার্ড দেখানো হয়েছে। যার মধ্যে ১১ জন মিনেইরোর ও ১২ জন ক্রুজেইরোর রয়েছেন।