


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গালুরু এফসি’র বিরুদ্ধে লাল কার্ড দেখেছিলেন ইস্ট বেঙ্গলের মিগুয়েল। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ লাল-হলুদ কর্তারা শাস্তি কমানোর আবেদন করেন ফেডারেশনে। এদিন শুনানিতে মিগুয়েলের আইনজীবী ব্যাখ্যা দেন। এরপর ফেডারেশনের শৃঙ্খলারক্ষা কমিটি সিদ্ধান্ত জানাবে। ইস্ট বেঙ্গল কর্তারা সেদিকেই তাকিয়ে। এবিষয়ে শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘ফেডারেশনকে সবসময় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইস্ট বেঙ্গল। অথচ বারবার আমরাই অবিচারের শিকার। রেফারিংই তার অন্যতম প্রমাণ। এভাবে চলতে পারে না। এআইএফএফ এবার কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। তারপর আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব।’
আইএসএলে ৮ ম্যাচে ১৫ পয়েন্ট ইস্ট বেঙ্গলের। অংকের বিচারে চ্যাম্পিয়নশিপের দৌড়ে দারুণভাবে রয়েছে অস্কার ব্রিগেড। আরও ৫টি ম্যাচ বাকি। কঠিন ম্যাচে মিগুয়েলের মতো প্লে-মেকারকে প্রয়োজন। যত দ্রুত সম্ভব তাঁকে মাঠে ফেরাতে মরিয়া লাল-হলুদ থিঙ্কট্যাঙ্ক।