


মেক্সিকো সিটি: অ্যাজটেকা স্টেডিয়ামে তখনও উৎসবের রেশ কাটেনি। গোটা মেক্সিকো সিটিতে নেমে এল বিষাদের ছায়া। ইকুয়েডরকে ২-০ ব্যবধানে হারিয়ে ৪০ বছর পর কাপযুদ্ধের নক-আউটে পৌঁছায় মেক্সিকো। আর এই সেলিব্রেশনের বলি ৪ সমর্থক। গ্যালারিতে যাঁরা জায়গা পাননি তাঁরা হাজির হয়েছিলেন হামবুর্গ ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই সেখানেও শুরু হয় উৎসব। কিন্তু অতিরিক্ত জনসমাগমের কারণে শ্বাসকষ্টে মৃত্যু হল ৪ জনের।
ম্যাচ শুরুর আগে গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। কিন্তু বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টির জন্য খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর। ঘরের মাঠে প্রথমার্ধের ৩১ মিনিটেই জয় নিশ্চিত করে মেক্সিকানরা। দুরন্ত গতিতে শুরু করা হাভিয়ের আগুইরে ব্রিগেডকে প্রথম লিড এনে দিলেন জুলিন কুইনোনেস। ম্যাচের বয়স তখন ২২। এরপর ৩১ মিনিটে ব্যবধান বাড়ান রাউল গিমেনেজ। শেষ পর্বে মুখ ঢেকে কথা বলার জন্য লাল কার্ড দেখেন ইকুয়েডরের পিয়েরো।