


ভ্যাঙ্কুভার: ২০২৪ সালের নভেম্বর। স্পেনের বিরুদ্ধে শেষ ম্যাচ হেরেছিল সুইৎজারল্যান্ড। তারপরের ৯টি খেলায় অপরাজেয় তারা। এমন ঈর্ষণীয় পরিসংখ্যান নিয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২’তে নামছে মুরাত ইয়ানিক ব্রিগেড। শুক্রবার ভারতীয় সময় সকাল সাড়ে ৮টায় ভ্যাঙ্কুভারে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। জে গ্রুপের তৃতীয় দল হিসেবে নক আউটে খেলার ছাড়পত্র পেলেও তাদেরও সাম্প্রতিক ট্র্যাক রেকর্ড খুব খারাপ নয়। গত ৭টির মধ্যে মাত্র একটিতে হেরেছে ‘ডেসার্ট ওয়ারিয়ার্সরা’। তবে দুই দলের মুখোমুখি সাক্ষাতে পাল্লা সুইৎজারল্যান্ডের। আগের ২টি ডুয়েলে আলজেরিয়াকে ২-১ এবং ২-০ ব্যবধানে হারিয়েছে তারা।
গ্রুপ পর্বে ৭বার জাল কাঁপানোর আত্মবিশ্বাস রয়েছে সুইৎজারল্যান্ডের। আলজেরিয়ার বিরুদ্ধে তাই শুরুতে গোল তুলে চাপ বাড়াতে মরিয়া তারা। তবে চোট সমস্যায় চিন্তায় কোচ ইয়ানিক। কোমরের চোটে এই ম্যাচে অনিশ্চিত দলের সেন্টার ব্যাক সিলভান উইডমার। তবে রক্ষণ জমাট রাখতে শেষ পর্যন্ত তাঁকে মাঠে নামার চেষ্টা চালাচ্ছে সুইস থিঙ্কট্যাঙ্ক। কারণ আলজেরিয়ার আপফ্রন্টে আইসা মান্দি ও রামি বেনসেবাইনিক মতো ফুটবলার রয়েছেন। তবে চোটের কারণে মহম্মদ আমিন আমুরার মাঠে না নামতে পারলে লক্ষ্যভেদ নিয়ে চিন্তা বাড়বে আলজেরিয়ার।