


সংবাদদাতা, বারুইপুর: অটো ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে জখম হলেন অটো চালক সহ ৬ জন। স্থানীয়রা আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এঁদের মধ্যে তিনজনকে কলকাতার সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে বারুইপুর থানার কুমোরহাটে। চার চাকা গাড়ির চালক পলাতক। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিস চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে।
গোচরণ থেকে যাত্রী ভর্তি একটি অটো বারুইপুরের দিকে আসছিল। সেই সময় বারুইপুরের দিক থেকে একটি চার চাকা গাড়ি বেপরোয়া গতিতে জয়নগরের দিকে যাচ্ছিল। মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। প্রত্যক্ষদর্শীরা বলেন, ধাক্কার জেরে রাস্তার পাশে পিয়ারা বাগানে উল্টে পড়ে অটোটি। যাত্রীরা রাস্তার পাশে ছিটকে পড়েন। যাত্রীদের আর্তনাদে স্থানীয় লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে। আহতরা জয়নগর ও বারুইপুরের বাসিন্দা। স্থানীয় বাসিন্দারা বলেন, চার চাকা গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল। এর জেরেই দুর্ঘটনা। বারুইপুর থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে ক্রেনের সাহায্যে অটোটিকে বাগান থেকে তোলে। পুলিস জানিয়েছে, আহতদের নাম সুশান্ত কর্মকার, নাজিম উদ্দিন ঘরামি, রাজু মোল্লা, সুরাইয়া বিবি, সুভাষ মণ্ডল, সম্রাট চক্রবর্তী। আহত সুরাইয়া বিবি বলেন, স্বামীকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে ডায়ালিসিস করাতে আসছিলাম। আচমকা একটি চার চাকা গাড়ি দ্রুত গতিতে এসে আমাদের অটোকে ধাক্কা মারে। তারপরে অজ্ঞান হয়ে যাই দু’জনে। স্থানীয় লোকজন আমাদের উদ্ধার করে।