


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জশিট পেশ করল পুলিশ। ঘটনার ৬০ দিনের মধ্যেই বারুইপুরের বিশেষ পকসো আদালতে ৭০২ পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে। গত ৩১ আগস্ট বারুইপুরের মহকুমা আদালতেও পেশ করা হয়েছে ওই চার্জশিট। এই চার্জশিটের নম্বর ১৪০৮/২০২৬। তদন্তকারী সিট জানিয়েছে, লিখিত অভিযোগ দায়ের করার ৮ সপ্তাহের মধ্যেই তদন্তের প্রক্রিয়া শেষ করা হয়। তারপরই আদালতে চার্জশিট পেশ করা হয়েছে। পরে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ হতে পারে খবর।
গত ৪ জুলাই বারুইপুরের সূর্যপুরে আচমকাই নিখোঁজ হয়ে যায় এক নাবালিকা। পরে ৫ জুলাই এলাকার একটি পুকুরে তার বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার হয়। এরপরই রাজ্যজুড়ে আলোড়ন শুরু হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর জানা যায়, নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল। এছাড়া তার মুখে, গলায় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত, কামড় এবং আঁচড়ের দাগ ছিল। শেষে তাকে অচৈতন্য অবস্থায় বস্তায় ভরে জলে ডুবিয়ে খুন করা হয়। এরপরই রাজ্য সরকারের নির্দেশে গঠিত হয় সিট। তদন্তে নেমে মোট চারজনকে গ্রেপ্তার করা হয়। প্রভাস মণ্ডল নামে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু হয়। ফলে বর্তমানে অভিযুক্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৩৭(২), ১৪০(৩), ৬৫(১), ৭০(২), ১০৩(১), ২৩৮ এবং ৬১ নম্বর ধারা এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে।