


সংবাদদাতা, লালবাগ: সকাল তখন প্রায় ১১টা। ঠিক সেই সময়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। লালবাগ সদরঘাট থেকে পশ্চিমপাড়ে ডাহাপাড়া ঘাটে যাওয়ার সময় বছর বারোর এক বালক লঞ্চ থেকে ভাগীরথী নদীতে পড়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
জানা গিয়েছে, লঞ্চে করে ওপারে ভিক্ষা করতে যাওয়ার সময় মাঝ নদীতে পড়ে যায় অদ্রিজ নামে বানজারা সম্প্রদায়ের ওই বালক। এরপর বালকটি নদীতে পড়ে যাওয়ার পরই লঞ্চ থেকে তাঁর দিকে লাইফ জ্যাকেট ছুড়ে দেওয়া হয়। কিন্তু জ্যাকেটটি অন্যদিকে চলে যাওয়ায় সেটি ধরতে পারেনি ওই বালকটি। কিছুক্ষণ ধরে তাকে নদীর জলে হাত তুলে বাঁচার চেষ্টা করতে দেখা গেলেও, শেষ পর্যন্ত সে জলে তলিয়ে যায়। খবর পেয়ে মুর্শিদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পাশাপাশি খবর দেওয়া হয় দক্ষ ডুবুরির দলকে। এরপর এসে পৌঁছয় ডুবুরির দল। শুরু করা হয় চিরুনি তল্লাশি। তবে এখনও পর্যন্ত নিখোঁজ বালকের সন্ধান মেলেনি।