


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার জনবহুল চ্যাটার্জিহাট বাজারের পেছনে একটি চারতলা বাড়ির তৃতীয় তলায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। অভিযোগ, সোমবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ির পাশের একটি মন্দিরে পুজো উপলক্ষে ভিড়ের সুযোগ নিয়ে তিন দুষ্কৃতী মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ফ্ল্যাটে ঢুকে পড়ে। বাড়ির বাসিন্দাদের দাবি, ওই সময় বাড়িতে থাকা ১৭ বছরের এক কিশোর ও ১২ বছরের এক নাবালিকার মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দুষ্কৃতীরা আলমারি খুলে লুটপাট চালায়। বেশ কিছুক্ষণ ধরে তল্লাশি চালিয়ে তারা বাড়ি থেকে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ওই বাড়ি থেকে ১০০ গ্রামেরও বেশি সোনার গয়না এবং প্রায় ৪০ থেকে ৫০ হাজার টাকা লুট হয়েছে। খবর পেয়ে চ্যাটার্জিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে। কীভাবে জনবহুল এলাকায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল এবং দুষ্কৃতীরা কোন পথে পালিয়েছে, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।