


সম্প্রতি ‘ডিয়াক ফাউন্ডেশন’-এর উদ্যোগে আয়োজিত হল ‘আরাধ্যাম-অনুসারনম ২০২৬’ শীর্ষক এক অনুষ্ঠান। ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের বিভিন্ন ধারাকে একত্রিত করে এক মঞ্চে উপস্থাপনা করা হয় এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের প্রথমদিন উপস্থিত ছিলেন বিশ্বখ্যাত সন্তুর বাদক পদ্মশ্রী পণ্ডিত তরুণ ভট্টাচার্য। ওড়িশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার গুরু রতিকান্ত মহাপাত্র, গৌড়ীয় নৃত্যের অন্যতম প্রধান শিল্পী ও গবেষক মহুয়া মুখোপাধ্যায়, বিশিষ্ট তবলা বাদক ও সংগীতজ্ঞ প্রসেনজিৎ পোদ্দার, ক্রেডিট ফাউন্ডেশনের সিএফও রজত কুমার মিত্র ও ডিয়াক পারফরমিং আর্ট অ্যান্ড কালচার ফাউন্ডেশনের সিইও সুমন মুখোপাধ্যায়। প্রথম দিনের পরিবেশনায় অত্যন্ত উপভোগ করেন শ্রোতারা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কত্থক শিল্পী মৌ দত্ত বসুর পারফরম্যান্স অত্যন্ত সমাদৃত। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শান্তনু চক্রবর্তী, মানসী মুখোপাধ্যায়, গার্গী দত্ত, স্নিগ্ধা মন্ডল। এদিন কথাকলি নৃত্য পরিবেশনা করেন হরিকমল মজুমদার। এদিনের অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল পলাশ দাসের তবলা, অনুপম রায়ের কি-বোর্ড, গৌরব দাসের গিটার ও সুমিত দেবের অক্টোপ্যাডের সম্মিলিত প্রয়াস। পরিবেশিত হয় একটি নাটক ‘সুনরে মানুষ ভাই’। আয়োজক সংস্থার তরফে সুমন মুখোপাধ্যায় বলেন, ‘ভারতীয় শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের ধারাকে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটা আমাদের যেমন লক্ষ্য, তেমনই এই সাংস্কৃতিক ধারাকে বাঁচিয়ে রাখাটাও উদ্দেশ্য।’