


মুম্বই: রবিবার নমন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বসতে চলেছে চাঁদের হাঁট। আমন্ত্রণ জানানো হয়েছে সদ্য টি-২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের। বিশ্বের প্রথম দল হিসেবে পর পর দু’বার বিশ্বসেরার খেতাব জিতে ইতিহাসের পাতায় নাম তুলেছেন সূর্যকুমার যাদবরা। তাই তাঁদের বিশেষ সংবর্ধনা জানাবে বিসিসিআই। পাশাপাশি মহিলাদের ওডিআই বিশ্বকাপ জয়ী মহিলা দলকেও সম্মান জানানো হবে একই আসরে। আমন্ত্রিতের তালিকায় রয়েছে অনূর্দ্ধ-১৯ বিশ্বসেরা ছেলে ও মেয়েদের দল। এছাড়াও বিভিন্ন বিভাগে বর্ষসেরাদের পুরস্কার দেওয়া হবে রবিবারের অনুষ্ঠানে।
২০২৫-২৬ মরশুম ভারতীয় ক্রিকেটের জন্য খুবই পয়া। একাধিক আইসিসির টুর্নামেন্টে ট্রফি এসেছে দেশে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে কাপ জেতে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। একই বছর মহিলাদের ওডিআই বিশ্বকাপ জেতেন হরমনপ্রীত কাউররা। একই সঙ্গে অনূর্ধ্ব-১৯ মহিলা দলও জেতে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত। এছাড়া ২০২৬ সালে পুরুষদের অনূর্ধ্ব-১৯ দল ওয়ান ডে বিশ্বকাপের শিরোপা ঘরে তোলে। সফল সব দলকেই সংবর্ধনা জানানো হবে। চলতি বছরে বোর্ডের জীবনকৃতি সম্মান পাচ্ছেন রজার বিন্নি ও রাহুল দ্রাবিড়। ১৯৮৩ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য দিছেন বিন্নি। টুর্নামেন্টের সর্বাধিক উইকেট শিকারী ছিলেন ডান হাতি মিডিয়াম পেসার। পরবর্তীকালে কোচ, জাতীয় নির্বাচক এবং বোর্ডের সভাপতির পদও সামলেছেন তিনি। পাশাপাশি ভারতীয় ক্রিকেটে মস্ত বড় অবদান রয়েছে দ্রাবিড়ের। ২৪ হাজার আন্তর্জাতিক রান রয়েছে তাঁর ঝুলিতে। ২০২৪ টি-২০ বিশ্বকাপ জয়ী দলের কোচও ছিলেন তিনি। মহিলাদের জীবনকৃতি পাচ্ছেন মিতালি রাজ। এছাড়াও পুরুষদের বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন শুভমান গিল। মহিলাদের বিভাগে বর্ষসেরা স্মৃতি মান্ধানা।