


দুবাই: এশিয়া কাপে স্বপ্নের ফর্মে রয়েছেন অভিষেক শর্মা। পাঁচ ইনিংসে ৪৯.৬০ গড়ে বাঁ-হাতি ওপেনারের সংগ্রহ ২৪৮। স্ট্রাইক রেট অবিশ্বাস্য, ২০৬.৬৬! সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে তাঁর ব্যাটেই লেখা হয়েছিল ঝলমলে জয়ের কাহিনি। অভিষেক করেছিলেন ৭৪ রান। আর বুধবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন তিনি। ৩৭ বলে তাঁর ৭৫ ইনিংসেই প্রশস্ত হয় ভারতের জয়। ম্যাচের নায়কও তিনি। পুরস্কার মঞ্চে আপ্লুত অভিষেকের মন্তব্য, ‘এটাই আমার কাজ। আগেও বলেছি, ব্যাটিংয়ের সময় খুব বেশি ভাবি না। দলের শুরুটা ভালো করাই লক্ষ্য থাকবে। তাতে যদি প্রথম বলও আমার জোনে থাকে বড় শট মারতে দু’বার ভাবব না। তবে এদিনের উইকেট একটু আলাদা ছিল। শুরুর দিকে ব্যাটে-বলে হচ্ছিল না। তখন শুভমানের সঙ্গে পরামর্শ করি, কয়েকটা বল দেখে খেলার। তারপর চেনা মেজাজে খেলব।’
শুধু চলতি এশিয়া কাপেই নয়, বছরের গোড়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজেও তিনি ভরসা দিয়েছিলেন দলকে। এই মুহূর্তে আইসিসি’র টি-২০ র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকাতেও অভিষেক শীর্ষে। তাঁর প্রশংসায় উচ্ছ্বসিত বিশেষজ্ঞরা। ক্রিকেটবিশ্বে নতুন তারকার আবির্ভাব হিসেবেই দেখা হচ্ছে ২৫ বছর বয়সিকে। সেই কারণেই এবার টিম ইন্ডিয়ার ওডিআই দলে ঢোকার প্রবল দাবিদার তিনি। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। ওই সিরিজে চোখ থাকবে বিরাট কোহলি, রোহিত শর্মার উপরেও। শোনা যাচ্ছে, অভিষেকও নাকি ডনের দেশে একদিনের দলে জায়গা পেতে পারেন। আসলে কোচ গৌতম গম্ভীর বাঁ হাতি ওপেনারের পারফরম্যান্সে খুব খুশি। তাছাড়া, রোহিত শর্মার বিকল্প খোঁজার কাজ চলছে। নির্বাচকদের একাংশ মনে করছেন, অভিষেককে দিয়ে ওয়ান ডে ফরম্যাটেও ওপেন করানো সম্ভব। দ্রুত গতিতে রান তোলার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার।