


তৃতীয়বার বিয়ে করলেন অভিনেতা আমির খান? তাঁর সাম্প্রতিক মন্তব্যের পর শুরু হয়েছে এই জল্পনা। বর্তমানে ‘সিতারে জমিন পর’ ছবির সাফল্য উদযাপন করছেন আমির। বক্স অফিসে মোটামুটি ভালোই ফল করেছে আমির অভিনীত ছবিটি। পাশাপাশি গৌরী স্প্র্যাটের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন অভিনেতা। সদ্য প্রকাশ্যে এসেছে আমিরের প্রেমকাহিনি। গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে সদ্য প্রশ্ন করা হয়েছিল আমিরকে। সেখানেই অভিনেতার জবাব, ‘আমরা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্কটা নিয়েও আমরা সিরিয়াস। আমরা একসঙ্গে রয়েছি।’ গৌরীর সঙ্গে কবে বিয়ে সারছেন? আমির বলেন, ‘আসলে মনে মনে আমি ইতিমধ্যেই গৌরীকে বিয়ে করে ফেলেছি। তবে আনুষ্ঠানিকভাবে সেটা কবে হবে, সেই বিষয়ে আমরা একসঙ্গে সিদ্ধান্ত নেব।’ এই আবহে পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন আমির। ‘মহাভারত’ তৈরি করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, আগস্ট থেকেই পুরোদমে এই ছবির জন্য প্রস্তুতি শুরু করবেন সুপারস্টার।