


কলকাতা, ৫ জুন: আগামী সোমবার সিআইডি’র কাছে হাজিরা দেওয়ার কথা। তার আগে কথিত ‘সই জালিয়াতি’ কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ হয়েও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মামলার দ্রুত শুনানির আবেদন গ্রহণ করলেন না বিচারপতি।
সই কাণ্ডে অভিষেককে ইতিমধ্যে দু’দফায় নোটিশ পাঠিয়েছে সিআইডি। সেই নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে আজ, শুক্রবার বিচারপতি চৈতালী চট্টোপাধ্যায় দাসের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে সেই আবেদন গ্রহণ করলেন না বিচারপতি। বর্তমানে হাইকোর্টে গরমের ছুটি চলছে। আদালত খুললে নিয়মিত বেঞ্চে মামলার শুনানি হবে বলে এদিন জানিয়ে দিয়েছেন বিচারপতি।
তদন্তের অভিমুখ যেদিকে, তাতে সই কাণ্ডে অভিষেকের আরো বেকায়দায় পড়ার আশঙ্কা বাড়ছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আগামী ৮ জুন তাঁকে ভবানীভবনে ফের ডেকে পাঠিয়েছেন তদন্তকারীরা। এর আগেও তাঁকে একবার ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে অভিষেক জাননি।
শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করতে বিধানসভার সচিবের কাছে জমা দেওয়া ফরওয়ার্ডিং লেটারটি তৃণমূলের ‘সেনাপতির’। তার সঙ্গে বিধায়কদের সই করা নথি যুক্ত করা হয়েছে। এই নথিতে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে সিআইডির তদন্তকারীদের চোখে। চিঠিতে থাকা বিধায়কদের ক্রমিক সংখ্যার ঠিক নেই। তাঁদের নজরে এসেছে ওই তালিকায় ক্রমিক নম্বর ৪-এর পর ৫ নম্বরটি মিসিং! একইভাবে ১৫-র পর ১৬ এবং ২৫-এর পর ২৬ সংখ্যাটি মিসিং! এছাড়া কয়েকজন বিধায়কের সইয়ের সঙ্গে দেওয়া তারিখেও ‘ওভার রাইট’ দেখা গিয়েছে।