


সংবাদদাতা, বনগাঁ: বনগাঁয় অনুষ্ঠানে এসে হেনস্তার অভিযোগ তুললেন অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। হেনস্তার অভিযোগ এনে মেইল করে বনগাঁ থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনায় একজনের নামে এফআইআর দায়ের হয়েছে। উদ্যোক্তাদের পালটা দাবি, মিমি বনগাঁর বদনাম করতে মিথ্যে অভিযোগ আনছেন।
স্থানীয় সূত্রে খবর, রবিবার বনগাঁর ঢাকাপাড়ার একটি ক্লাবের অনুষ্ঠানে আসেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। উদ্যোক্তাদের দাবি, রাত সাড়ে দশটার সময় তাঁর আসার কথা থাকলেও তিনি সাড়ে এগারোটা নাগাদ আসেন। মঞ্চে ওঠেন পৌনে বারোটায়। এদিকে রাত বারোটা পর্যন্ত পুলিশের পক্ষ থেকে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। সূত্রের দাবি, রাত বারোটার পর পরই উদ্যোক্তারা অনুষ্ঠান বন্ধ করার কথা মাইকে ঘোষণা করে। সেই সময় মঞ্চেই অনুষ্ঠান করছিলেন মিমি। এই ঘটনায় তিনি অপমানিত বোধ করেন। এরপর থানার দ্বারস্থ হন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।