


মুক্তির অপেক্ষায় অজয় দেবগন অভিনীত বহুল প্রতীক্ষিত ‘দৃশ্যম ৩’। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। তার আগে বিপাকে অজয়। জানা গিয়েছে, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নজরে পড়েছে অজয়ের জুহুর বাংলো। সম্প্রতি সেখানে একটি স্যালোঁ ও স্পা পার্লার তৈরির পরিকল্পনা করেছিলেন অজয়। তা নিয়ে আপত্তি তোলে কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। সেই আপত্তিকে গুরুত্ব দিয়ে অবিলম্বে কাজ বন্ধ করার নোটিস দেওয়া হয়েছে অজয়কে। সূত্রের খবর, অজয় যে অংশে স্পা ও স্যালোঁ তৈরি করতে চাইছিলেন, সেটি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য অনুমোদিত নয় বলে খবর। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের আধিকারিকরা অজয়ের থেকে কাগজপত্রও চেয়েছিলেন। এক মাস সময় চেয়েছে দেবগন পরিবার।