


নয়াদিল্লি: অধরা মাধুরী লাভে মরিয়া পাঞ্জাব কিংস। গতবার শ্রেয়স আয়ারের নেতৃত্বে ফাইনালে উঠলেও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল প্রীতি জিন্টার দলকে। আক্ষেপ ভুলে এবারও দারুণ ছন্দে পাঞ্জাব। ছ’টি খেলে পাঁচটিতে জয়। কেকেআরের বিরুদ্ধে ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। এখনও হারের মুখ দেখতে হয়নি শ্রেয়স ব্রিগেডকে। ১১ পয়েন্ট নিয়ে একেবারে মগডালে। প্লে-অফের পথ আরও মসৃণ করার লক্ষ্যে শনিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস। অ্যাওয়ে ম্যাচ হলেও শ্রেয়সরাই এগিয়ে। অন্যদিকে, দিল্লি শুরুটা ভালো করলেও ধারাবাহিকতা দেখাতে পারছে না। তাই দৌড়ে পিছিয়ে পড়েছে অনেকটা। তবুও অক্ষর প্যাটেলরা পাঞ্জাবের বিজয়রথের রাশ টানতে মরিয়া।
পাঞ্জাবের ব্যাটিং বেশ শক্তিশালী। দুরন্ত ফর্মে ওপেনার প্রিয়াংশ আর্য। কুপার কনোলিও ধুন্ধুমার ব্যাটিং করছেন। ফর্মে আছেন শ্রেয়স আয়ার। মিডল অর্ডারে ভরসা মার্কাস স্টোইনিস, নেহাল ওয়াধেরা ও শশাঙ্কা সিং। বোলিংয়ে পাঞ্জাবের সেরা অস্ত্র তিন পেসার অর্শদীপ সিং, বার্টলেট ও মার্কো জানসেন। স্পিনার যুজবেন্দ্র চাহালও নিয়মিত উইকেট পাচ্ছেন।
কাগজে-কলমে দিল্লিও খুবই শক্তিশালী দল। ব্যাটিংয়ে পাথুম নিশাঙ্কা ও লোকেশ রাহুল শুরু করছেন। দু’জনেই বড় ইনিংস খেলায় দক্ষ। তিনে নামছেন নীতীশ রানা। তবে দিল্লিকে প্রথম দিকে ম্যাচ জিতিয়ে প্রত্যাশা বাড়িয়ে দিয়েছেন সমীর রিজভি। ডেভিড মিলার, ট্রিস্টান স্টাবস, আশুতোষ শর্মা ও অক্ষর প্যাটেল— দিল্লির ব্যাটিং লাইন আপ বেশ বড়। তাই শুরুতে চাপে পড়লেও তা সামলে নেওয়ার মতো অনেক ক্রিকেটার রয়েছে দলে। বোলিংয়ে দিল্লির সেরা অস্ত্র পেসার লুঙ্গি এনগিডি। বোলিংয়ে বৈচিত্র ঘটিয়ে বিপক্ষের ব্যাটারদের বিপাকে ফেলার ব্যাপারে তাঁর জুড়ি মেলা ভার।