


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআরে বাদ পড়া ভোটার এবং কেন্দ্রীয় সমীক্ষায় চিহ্নিত গ্রাহকদের রেশন কার্ডগুলি তদন্তসাপেক্ষে বাদ দিতে বলেছে দিল্লি। এই প্রক্রিয়া এমাসেই শেষ করার নির্দেশ দিয়েছে খাদ্যদপ্তর। সম্প্রতি দপ্তরের পর্যালোচনা বৈঠকে বিষয়টি ওঠে। সেখানে এসআইআরে বাদ পড়া ভোটারদের বিষয়টি ২০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত করতে বলা হয়েছে। এই ব্যাপারে কয়েকটি জেলায় কাজের গতি ধীর। এজন্য অসন্তোষ প্রকাশ পেয়েছে বৈঠকের কার্যবিবরণীতে। প্রথমে এই কাজের সময়সীমা দেওয়া হয় ১৫ জুন। পরে তা বাড়ানো হয়। খারিজ গ্রাহকদের মধ্যে যাঁরা সিএএ’র মাধ্যমে অন্তর্ভুক্ত হয়েছেন এবং আবেদন করেছেন ট্রাইবুনালে, তাঁদের কার্ডগুলি আপাতত চালু রাখার সিদ্ধান্ত হয়েছে। আবেদনগুলির নিষ্পত্তির পরই রেশন কার্ড বহাল রাখার বিষয়টি চূড়ান্ত হবে।
বিধানসভা ভোটের আগে রাজ্যে প্রায় সাড়ে ১৭ লক্ষ রেশন কার্ডকে কেন্দ্রীয় সরকার চিহ্নিত করে। সংশ্লিষ্ট গ্রাহকদের সম্পর্কে রাজ্যকে তদন্ত করতে বলা হয়। তদন্তে শেষে সমস্ত অবৈধ কার্ড বাতিল করা হবে। সাড়ে ৩ লক্ষের মতো কার্ড ভোটের আগেই বাতিল হয়। বাকি কার্ডগুলির ভাগ্য নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে। এখনো ‘এক সদস্য বিশিষ্ট’ অন্ত্যোদয় রেশন গ্রাহক পরিবারের সংখ্যা প্রায় ১ লক্ষ ৯৫ হাজার! এদের সম্পর্কে তদন্ত শেষ করতে বলা হয়েছে জরুরি ভিত্তিতে।