


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঠাকুরপুকুরের পর এবার বেহালা। জোড়া মৃত্যুর পরও রাতের জেমস লং সরণিতে সচেতনতা নেই। বেপরোয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে জখম হলেন এক বাইকচালক। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে শ্রীসংঘ ক্লাবের সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জেমস লং সরণি ট্রাফিক গার্ডের পুলিশ। আহত যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আহতের নাম সন্তু সাহা (২৫)। হরিদেবপুরের বাসিন্দা তিনি।
গত ৭ ফেব্রুয়ারি ঠাকুরপুকুর থানা এলাকার জেমস লং সরণি ও পূর্বপাড়া ক্রসিংয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দুই ডাক্তারি পড়ুয়ার। জোকা ইএসআইতে পড়াশোনা করছিলেন তাঁরা। দুই পড়ুয়া হরিদেবপুরে থাকছিলেন। রাতের খাওয়া-দাওয়া সেরে বাইকে চেপে বাড়ি ফেরার সময় বেপরোয়া লরির তাঁদের ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় দু’জনের। এই ঘটনার পর চৌরাস্তার পর থেকে ঠাকুরপুকুর পর্যন্ত জেমস লং সরণির পথ নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজায় কলকাতা পুলিশ। ঘটনাস্থল পরিদর্শন করেন ট্রাফিক বিভাগের উচ্চ পদস্থ কর্তারা। স্থানীয়দের সচেতন করা হয়। গাড়ি ও বাইকচালকদের ব্লাইন্ড স্পট, গতির সর্বোচ্চ সীমা সম্পর্কে অবহিত করেন। কিন্তু, সেই ঘটনার দেড় মাসের মধ্যে ফের দুর্ঘটনা ঘটল জেমস লং সরণিতে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ১১টা বেজে ১০ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। ঘাতক এসইউভি গাড়িটি দ্রুত গতিতে চৌরাস্তার দিকে যাচ্ছিল। সেই সময়ে জেমস লং সরণিতে ওঠার জন্য গলি থেকে বের হন বাইকচালক। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের দাবি, গাড়ির গতি বেশি ছিল। দুর্ঘটনার অভিঘাতে বাইক থেকে ছিটকে পড়েন সন্তু। এলাকাবাসী পুলিশে খবর দেন। এরপরেই ঘটনাস্থলে আসেন বেহালা থানার পুলিশ। আটক করা হয় ঘাতক গাড়িটিকে। চালককে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, ২০২৪ সালে এসইউভি গাড়িটির ইন্সুরেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তা সত্ত্বেও কীভাবে গাড়িটি চলছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
অন্যদিকে, শনিবার দুপুরে ইএম বাইপাসে ভারী পণ্যবাহী গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন আরও এক বাইকচালক। পুলিশ জানিয়েছে, আহতের নাম তন্ময় মিত্র (৩০)। তপসিয়ার লোকনাথ বোস গার্ডেনের বাসিন্দা তিনি। সূত্রের খবর, প্রগতি ময়দান থানা এলাকার মেট্রোপলিটন ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটেছে। চলন্ত অবস্থায় পিছন থেকে একটি মালবাহী গাড়ি বাইকচালককে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থল থেকে যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যায় বেলেঘাটা ট্রাফিক গার্ডের পুলিশ। হাসপাতাল জানিয়েছে, যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে ট্রমা কেয়ারের রেড জোনে ভরতি করা হয়েছে।