


সংবাদদাতা, রামপুরহাট: মাস দুই আগে তারাপীঠের এক হোটেলে ভয়াবহ আগুন কেড়েছিল ৯ পূণ্যার্থীর প্রাণ। সেই আতঙ্ক ফিরল মঙ্গলবার ভোরে! এদিন তারাপীঠের একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যদিও হতাহতের কোনও খবর নেই। কীভাবে আগুন লাগল, তাও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে এদিনের অগ্নিকাণ্ড বলে প্রাথমিক দাবি দুর্ঘটনাগ্রস্ত হোটেলের মালিকের। যদিও দমকলকর্মীদের অনুমান, ঘরের অ্যাসট্রেতে ফেলা জ্বলন্ত সিগারেট থেকে আগুন লাগতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, তারাপীঠ যাওয়ার পথে রামপুরহাট থানা এলাকার অধীনে দুর্ঘটনাগ্রস্ত হোটেলটি অবস্থিত। ভোর চারটে নাগাদ একটি ঘর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন হোটেলের কর্মীরা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন দমকলে। তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হোটেল মালিক লোকনাথ দাস বলেন, ‘হোটেলের একটি রুমের ফলস সিলিংয়ে শর্ট সার্কিটের জন্য আগুন লাগে। সেখান থেকে বিছানা, বালিশে আগুন ধরে যায়।’ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কালো ধোঁয়ায় গোটা হোটেল ঢেকে গিয়েছিল। একাধিক কাঁচ ভেঙে সেই ধোঁয়া বের করেন দমকলের কর্মীরা। তাঁদের তৎপরতায় বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। রামপুরহাট দমকল কেন্দ্রের ওসি শুভেন্দু সরকার বলেন, ‘এই হোটেলটির কোনও ফায়ার লাইসেন্স নেই। তবে তারা আবেদন করেছে।’
সামনেই কালীপুজো ও দীপাবলি। এই সময় বিপুল ভক্ত সমাগম হয় তারাপীঠে। তার আগে অগ্নিকাণ্ড সেখানকার হোটেলগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।