


নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: উন্নয়ন চাইতে গেলে ধমক, মারধর! বিধায়কের নাম না করে শনিবার সকালে এমনই একাধিক পোস্টার পড়ল আরামবাগে। তাতে শহরজুড়ে চর্চা শুরু হয়েছে। পোস্টারগুলি আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে, বিডিও অফিসের দেওয়ালে সাঁটানো হয়েছে। তাতে একটি বিতর্কিত ছবি ব্যবহার করা হয়েছে। অনেকের দাবি, পোস্টারটি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগকে আক্রমণ করে দেওয়া হয়েছে। পোস্টারে লেখা হয়েছে, এমএলএ অফিস, আরামবাগ। এছাড়া লেখা হয়েছে, উন্নয়ন চাইতে গেলে ধমক, মারধর!
উল্লেখ্য, আরামবাগ মহকুমার প্রতিটি বিধানসভা এলাকাতেই বিজেপি বিধায়কদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে পোস্টার দেওয়া হচ্ছে। তাতেই সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ময়দান। এদিন আরামবাগের বিজেপি বিধায়কের বিরুদ্ধে পোস্টার ঘিরেও শহরজুড়ে চর্চা হয়। যদিও বিধায়ক এই প্রসঙ্গে বলেন, রাতের অন্ধকারে মিথ্যা অভিযোগে পোস্টার দেওয়া হয়েছে। ভোট কুশলী সংস্থার সঙ্গে যোগসাজশ করে তৃণমূলের লোকজন এই পোস্টার দিয়েছে। আসলে তৃণমূলের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। প্রশাসনকে অনুরোধ করছি পোস্টার সাঁটানোর পিছনে যারা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক।
তৃণমূলের আরামবাগ শহর সভাপতি রূপক মুখোপাধ্যায় বলেন, এসআইআর পর্বে আরামবাগের বাদ যাওয়া ভোটারদের সঙ্গে আমরা রয়েছি। পোস্টারের ব্যাপারে কিছু জানি না। বিধায়ক এমনিতেই ‘নিখোঁজ’। তাঁর দলের লোকজন পোস্টার দিয়ে থাকতে পারেন। -নিজস্ব চিত্র