


লন্ডন: শুরুটা ভালো করেও আরও একবার নিজেদের ব্যর্থতায় খেতাব জয়ের পথ কঠিন করে তুলেছে আর্সেনাল। ইপিএলে শেষ দু’ম্যাচেই হেরেছে গানাররা। এর মধ্যে রবিবার অ্যাওয়ে ম্যাচে ম্যাঞ্চেস্টার সিটির কাছে বশ মানে মিকেল আর্তেতা ব্রিগেড। এই হারের ফলে দু’দলের মধ্যে পার্থক্যের ব্যবধান কমে দাঁড়িয়েছে মাত্র ৩ পয়েন্টে। তবে এক ম্যাচ কম খেলেছে সিটিজেনরা। অর্থাৎ বুধবার বার্নলেকে হারালেই শীর্ষে উঠে আসার সুযোগ থাকছে পেপ গুয়ার্দিওলা ব্রিগেডের সামনে। সেক্ষেত্রে আরও একবার তীরে এসে তরি ডোবার আশঙ্কা দেখা দেবে আর্সেনাল শিবিরে। তবে ম্যান সিটির কাছে হেরেও এখনই আশাহত হতে নারাজ কোচ আর্তেতা। তাঁর কথায়, ‘হাতে এখনও ৫টি ম্যাচ রয়েছে। ফলে অনেক কিছু হতে পারে।’
নিয়ম বলছে, প্রিমিয়ার লিগে দু’টি দলের পয়েন্ট সমান হলে শিরোপা নির্ণায়কে প্রথমে দেখা হবে গোল পার্থক্য। সেই নিরিখেও একে অপরকে কড়া টক্কর দিচ্ছে ম্যান সিটি ও আর্সেনাল। বর্তমানে গানারদের গোল ব্যবধান ৩৭। আর সিটিজেনদের ৩৬। অর্থাৎ বার্নলের বিরুদ্ধে দু’গোলের ব্যবধানে জিততেই আর্সেনালকে টপকে যাবে তারা। আর গোল ব্যবধান সমান থাকলে দেখা হবে কোন দল বেশিবার জাল কাঁপিয়েছে। সেই দিক থেকে অবশ্যই ইতিমধ্যেই আর্সেনালকে (৬৩) টপকে গিয়েছে নীল ম্যাঞ্চেস্টার (৬৫)। শুধু তাই নয়, হেড টু হেডের নিরিখেও এগিয়ে পেপ ব্রিগেড। প্রথম লেগে এমিরেটসে ড্র’য়ের পর ঘরের মাঠে জয় তুলে নেন হালান্ডরা। প্রতিটি বিভাগেই ম্যান সিটির দিকে পাল্লা ভারি থাকলেও, শেষ একটা মরণ কামড় দিতে মরিয়া আর্সেনাল।