


গুয়াহাটি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও তাঁর স্ত্রীর সম্পত্তির পরিমাণ গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে। বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র পেশ করেছেন হিমন্ত। জমা দিতে হয়েছে সম্পত্তির হিসাবও। আর সেই হলফলামাতেই মুখ্যমন্ত্রীর সম্পত্তি বৃদ্ধির বিষয়টি উঠে এসেছে। হিমন্ত জানিয়েছেন, তাঁর পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ৩৫ কোটি ১৫ লক্ষ টাকা। ২০২১ সালে এই সম্পত্তির পরিমাণ ছিল ১৭ কোটি ২৭ লক্ষ টাকা। আর ২০১৬ সালে হিমন্তের পরিবারের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৬ কোটি ৩৮ লক্ষ টাকা। হলফনামা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২ কোটি ৩৬ লক্ষ টাকা। এর মধ্যে চারটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে ৬৮ লক্ষ টাকা। হিমন্তের হাতে রয়েছে নগদ ২ লক্ষ ২৮ হাজার টাকা। এছাড়া তাঁর কাছে ১৮০ গ্রাম সোনার অলঙ্কারও রয়েছে। তাঁর স্ত্রী রিনিকি ভুয়ান শর্মার অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা। এর মধ্যে ৭৪ লক্ষ ৮৫ হাজার কোটি টাকা রয়েছে ব্যাংকে। এছাড়া রিনিকির কাছে প্রায় দেড় কেজি সোনার অলঙ্কারও রয়েছে। যার দাম ২ কোটি টাকার বেশি।