


বার্সেলোনা: অ্যাওয়ে ম্যাচে ২০ মিনিটে পাও কুবার্সির লাল কার্ড দেখে মাঠ ছাড়া। তা সত্ত্বেও রাফিনহার গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সুপার সিক্সটিনের প্রথম লেগে দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছিল বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে বেনফিকাকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের পথে এক পা বাড়িয়ে রেখেছে হান্স ফ্লিকের ছেলেরা। মঙ্গলবার ফিরতি পর্বে ঘরের মাঠে জয়ের ধারা বজায় রেখে কোয়ার্টার-ফাইনালের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য কাতালন ক্লাবটির।
দলের প্রধান চিকিৎসকের আকস্মিক মৃত্যুতে লা লিগায় ওসাসুনার বিরুদ্ধে বার্সার ম্যাচ স্থগিত রাখা হয়। ফুটবলাররা মাঠে এলেও, শোকের আবহেই স্টেডিয়াম ছাড়েন। ফলে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামার আগে কিছুটা হলেও বাড়তি বিশ্রাম পেয়েছেন রাফিনহারা। সোমবার পূর্ণশক্তির দল নিয়েই বেনফিকা ম্যাচের প্রস্তুতি সারেন কোচ ফ্লিক। ওসাসুনার বিরুদ্ধে রবার্ট লিওয়ানডস্কিকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জার্মান কোচ। তবে মঙ্গলবার দলে ফিরছেন পোলিশ স্ট্রাইকার। পাশাপাশি কার্ড সমস্যায় কুবার্সির অনুপস্থিতিতে রক্ষণে শুরু করবেন রোনাল্ড আরাহো। এছাড়া দলে পরিবর্তনের সম্ভাবনা কম। উল্লেখ্য, ঘরের মাঠে শেষ সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছে বার্সা।
রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে বড় জয় পেয়েছে বায়ার্ন নিউনিখ। ঘরের মাঠে স্বদেশীয় ক্লাব বেয়ার লেভারকুসেনকে ৩-০ গোলে হারিয়ে শেষ আটের পথে এক পা বাড়িয়ে রেখেছে ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হ্যারি কেনদের। পক্ষান্তরে, অ্যাওয়ে ম্যাচে হার ভুলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া জাবি আলন্সো-ব্রিগেড।
চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে হারের মুখ দেখেছে পিএসজি। ঘরের মাঠে লিভারপুলকে চ্যালেঞ্জ জানিয়েও শেষলগ্নের গোলে বশ মানে লুই এনরিকের ছেলেরা। সেই হতাশা ভুলে মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচে অ্যানফিল্ডে ঘুরে দাঁড়াতে মরিয়া প্যারিসের ক্লাবটি। পক্ষান্তরে, ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য লিভারপুলের।