


বার্সেলোনা: চ্যাম্পিয়ন্স লিগে বুধবার মাঠে নামছে ৩৬টি দল। এবারই প্রথম গ্রুপ পর্বের শেষ ম্যাচগুলি একই সময়ে করার সিদ্ধান্ত নিয়েছে উয়েফা। আসলে টুর্নামেন্টের নতুন ফরম্যাট অনুযায়ী পয়েন্ট তালিকায় প্রথম আটটি দল সরাসরি প্রি-কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করবে। আর বাকি আটটি স্থানের জন্য প্লে-অফ খেলবে পরের ১৬টি দল। এই মুহূর্তে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট আটটি দলের। পাশাপাশি ১৫ ও ১৪ পয়েন্ট ঝুলিতে রয়েছে আরও তিন দলের। এরা সকলেই সরাসরি নক-আউট পর্বের টিকিট অর্জনের দৌড়ে রয়েছে প্রবলভাবে। সেই কারণেই বুধবার একই সময়ে সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোক্তারা।
ইতিমধ্যেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ। বাকি ছ’টি স্থানের জন্য প্রবলভাবে দৌড়ে রয়েছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, টটেনহ্যাম, পিএসজি, নিউকাসল, চেলসি, বার্সেলোনা, ম্যান সিটির মতো হেভিওয়েট দলগুলি। বুধবার ঘরের মাঠে কোপেনহেগেনের মুখোমুখি হবে বার্সা। গ্রুপ পর্বে শুরুটা খুব একটা ভালো হয়নি হান্স ফ্লিক ব্রিগেডের। তবে গত দেড় মাস দুরন্ত ছন্দে রয়েছেন লিওয়ানডস্কিরা। সব টুর্নামেন্ট মিলিয়ে ১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতে জিতেছে তারা। তাই বুধবার ঘরের মাঠে ডেনমার্কের ক্লাবটিকে বড় ব্যবধানে হারিয়ে সরাসরি নক-আউটের টিকিট নিশ্চিত করাই লক্ষ্য বার্সেলোনার।
শেষ ষোলোর টিকিট পাকা করার সুযোগ থাকছে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি’র সামনেও। ঘরের মাঠে নিউকাসলের মুখোমুখি হবে তারা। উল্লেখ্য, দু’দলই সাত ম্যাচে পেয়েছে ১৩ পয়েন্টে। জিতলেই শেষ ষোলোর টিকিট নিশ্চিত। তবে পয়েন্ট খোয়ালে খেলতে হবে প্লে-অফ। গতবার অবশ্য প্লে-অফের লড়াই জিতে শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলেছিল প্যারিসের ক্লাবটি। এবার অবশ্য অতিরিক্ত ম্যাচ খেলতে নারাজ কোচ লুই এনরিকে।
জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য রিয়াল মাদ্রিদের। শেষ ম্যাচে মোনাকোকে ছয় গোলের মালা পরিয়েছিলেন এমবাপেরা। বুধবার অ্যাওয়ে ম্যাচে বেনফিকার বিরুদ্ধেও পুরো পয়েন্ট তুলে নিতে মরিয়া ‘লস ব্ল্যাঙ্কোস’। অন্য ম্যাচে গালাতাসারের মুখোমুখি হবে ম্যান সিটি। আর লিভারপুলের প্রতিপক্ষ কুয়ারাবাগ।