


জিরোনা- ২ : বার্সেলোনা- ১
মাদ্রিদ: লা লিগা খেতাবি দৌড়ে বড়সড় ধাক্কা খেল বার্সেলোনা। সোমবার লা লিগায় অ্যাওয়ে ম্যাচে জিরোনার কাছে হারের মুখ দেখল হান্স ফ্লিকের ছেলেরা। ম্যাচে লিড নিয়েও খালি হাতে মাঠ ছাড়তে হল লিওয়ানডস্কিদের। সেই সঙ্গে খেতাবি দৌড়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানও হাতছাড়া হল বার্সার। ম্যাচে ফ্লিক-ব্রিগেডের হয়ে স্কোরশিটে নাম তোলেন পাও কুবার্সি। জিরোনার দুই গোলদাতা টমাস লেমার ও ফ্রান বেলট্রান। এই হারের ফলে ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কাতালন ক্লাবটি। আর সমসংখ্যক ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।
গত বৃহস্পতিবার কোপা ডেল রে’র সেমি-ফাইনালের প্রথম লেগে আতলেতিকো মাদ্রিদের কাছে চার গোলের লজ্জার হারে মুখ পুড়েছিল বার্সেলোনার। সোমবার লিগের লড়াইয়ে সেই চাপ কাটিয়ে উঠতে ব্যর্থ তারা। অথচ ম্যাচের প্রথমার্ধেই পেনাল্টি থেকে দলকে এগিয়ে দিতে পারতেন লামিনে ইয়ামাল। সংযোজিত সময়ের তৃতীয় মিনিটে তাঁর স্পটকিক পোস্টে ধাক্কা খায়। দ্বিতীয়ার্ধে অবশ্য দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন কুবার্সি। কৌন্দের ভাসানো সেন্টার থেকে হেডে জাল কাঁপান এই ডিফেন্ডার (১-০)। তবে সেই লিড দীর্ঘস্থায়ী হয়নি। ৬২ মিনিটে বার্সার রক্ষণের ভুলে জিরোনাকে সমতায় ফেরান লেমার (১-১)। আর ৮৭ মিনিটে টপ বক্সের মাথা থেকে নেওয়া শটে জাল কাঁপিয়ে জয় নিশ্চিত করেন বেলট্রান (২-১)। সংযোজিত সময়ে লিওয়ানডস্কির গোলে বাতিল হতেই বার্সার হারে সিলমোহর পড়ে।