


কলকাতা, ২৪ আগস্ট: অন্নপূর্ণায় মাত্র একমাসের ব্যবধানে ফের বার্ধক্য ভাতা বাড়তে চলেছে। আজ, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে সরকারের একথা জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাসিক ভাতাও একই হারে বাড়তে চলেছে বলে জানিয়েছেন তিনি।
বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতির তালিকায় একটি ছিল বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বৃদ্ধি। ভোটে জিতে ক্ষমতা দখলের পরে তা এক হাজার টাকা থেকে বাড়িয়ে মাসে ১,৫০০ টাকা করে রাজ্য সরকার। গত মাসের শেষের দিকে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১ আগস্ট থেকে যোগ্য উপভোক্তারা বর্ধিত ভাতা পাবেন। এবার বার্ধক্য, বিধবা ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা আরো ৫০০ টাকা বাড়ানো হল। অর্থাৎ তা দাঁড়াচ্ছে ২,০০০ টাকা। আজ এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আগের সরকারের আমলের আবেদন বাতিল হতে চলেছে। ফলে নতুন করে ফের সবাইকে আবেদন করতে হবে। নতুন যে আবেদন আসবে সেগুলি যাচাই করে উপভোক্তাদের নাম স্থির করা হবে। কবে থেকে নতুন হারে ভাতা পাওয়া যাবে? সেই বিষয়ে এদিন অবশ্য কিছু জানাননি মুখ্যমন্ত্রী। যদিও নবান্ন সূত্রে খবর, আবেদন যাচাই-বাছাইয়ের জন্য কিছুটা সময় লাগবে। নতুন অর্থবর্ষের শুরু অর্থাৎ আগামী বছরের এপ্রিল থেকে তা চালু হওয়ার সম্ভবনা প্রবল।