


নিজস্ব প্রতিনিধি,কলকাতা: নদীয়ার বেথুয়াডহরি চেক পোস্টের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই সুপারি উদ্ধার করল শুল্কদপ্তর। ইন্দোনেশিয়া থেকে চোরাপথে আসা এই সুপারি মেঘালয় হয়ে এই রাজ্যে আসছিল। শনিবার ভোরবেলা বহরমপুর থেকে তাড়া করে বেথুয়াডহরিতে একটি লরিটিকে আটকান শুল্কদপ্তরের অফিসাররা। তখন চালক তাঁদের ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন। এতে তাঁদের এক কর্মী আহত হন। এমনকী লরিটি তাঁদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করেন চোরাচালান চক্রের পান্ডারা। কিন্তু শুল্কদপ্তরের অফিসাররা রুখে দাঁড়ালে তাঁরা পালান।
গাড়ির চালক এই ঝামেলার সুযোগ নিয়ে পালিsয়ে যান। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়। সেখান থেকে উদ্ধার হয় প্রায় ২৫০ বস্তা সুপারি, যার বাজারমূল্য এক কোটির বেশি বলে জানা গিয়েছে। কোনো বৈধ নথি ছাড়া এই সুপারি নিয়ে আসা হচ্ছিল।
গাড়ি থেকে মিলেছে মেঘালয় থেকে আসা সুপারির জাল নথি। জানা গিয়েছে, ইন্দোনেশিয়া থেকে মেঘালয় আসার পর সুপারির জাল নথি তৈরি হয়। সেখানে দেখানো হয়, এই সুপারি উৎপন্ন হয়েছে মেঘালয়তে। এর পিছনে আন্তর্জাতিক চোরাচালান চক্রের যোগ রয়েছে।