


নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটে ফের টার্বুনেটর টুইস্ট। আচমকা বোর্ড সভাপতির দৌড়ে ঢুকে পড়লেন হরভজন সিং। আগামী ২৮ সেপ্টেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও হাজির থাকবেন প্রাক্তন অফ স্পিনার। পাঞ্জাব ক্রিকেট সংস্থার পক্ষ থেকে বোর্ড মিটিংয়ে প্রতিনিধিত্ব করবেন ভাজ্জি। তাঁর নাম প্রকাশ্যে আসতেই জোর চর্চা ক্রিকেট মহলে।
এর আগে বোর্ড সভাপতি হিসেবে শচীন তেন্ডুলকরের নাম নিয়ে জল্পনা চলছিল। বলা হচ্ছিল, রজার বিন্নির উত্তরসূরি হতে পারেন তিনি। কিন্তু পত্রপাঠ তা থামিয়ে দেন মাস্টার ব্লাস্টার। জানিয়ে দেন, এমন আলোচনা ভিত্তিহীন। এই পরিস্থিতিতেই ভেসে উঠছে হরভজনের নাম। শোনা যাচ্ছে, কোনও প্রাক্তন ক্রিকেটারকেই সভাপতি হিসেবে দেখতে চাওয়া হচ্ছে। সেজন্যই হরভজন এই দায়িত্ব পেলে অবাক হওয়ার থাকবে না। উল্লেখ্য, বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সভাপতি, সহ-সভাপতি ছাড়াও যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ পদে বেছে নেওয়া হবে নতুন মুখ।
২০০৭ সালে টি-২০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ভাজ্জি। চার বছর পর ওয়াংখেড়েতে ঐতিহাসিক ওডিআই বিশ্বজয়েও অন্যতম সৈনিক ছিলেন তিনি। ক্রিকেট থেকে অবসরের পর কমেন্ট্রি বক্সে নজর কাড়েন হরভজন। পাশাপাশি, পা রেখেছেন রাজনীতিতেও। এখন তিনি রাজ্যসভার সাংসদ। ১০৩টি টেস্টে দেশের প্রতিনিধিত্ব করা ভাজ্জির দুসরা কি বোর্ডের বৈঠকেও দেখা যাবে? কৌতূহল বাড়ছে ক্রিকেট মহলে।
বোর্ডের সেই সভায় উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলিও। তাঁর সিএবি সভাপতি হওয়া নিশ্চিত। রবিবারই সৌরভ মনোনয়ন জমা দেবেন। সঙ্গে থাকবে তাঁর প্যানেলও। এখনও পর্যন্ত সিএবি’তে নির্বাচন হওয়ার কোনও খবর নেই। খুব সম্ভবত, বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই সিএবি সভাপতি হবেন সৌরভ। বোর্ডের সভায় সিএবি’র প্রতিনিধিত্ব করবেন তিনি। অর্থাৎ, সেই সভায় দেখা যেতে পারে সৌরভ-ভাজ্জি যুগলবন্দি।