


ভুবনেশ্বর: রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রা। তাতে অংশ নিয়েছিলেন বিজেপি বিধায়ক। হঠাৎ বন্দুক বার করে শূন্যে গুলি চালাতে শুরু করেন তিনি। আতঙ্কিত হয়ে পড়েন মিছিলের লোকজন। কেউ আহত না হলেও এমন কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ওড়িশার টিটলাগড় জেলার বিজেপি বিধায়ক নবীন জৈন। চাপের মুখে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বলাঙ্গির জেলায় রাম নবমীর শোভাযাত্রায় ব্ল্যাংক ফায়ার করেন ওড়িশায় ক্ষমতাসীন দলের বিধায়ক নবীন। প্রকাশ্যে এইভাবে গুলি চালানোর জেরে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। দায়িত্বজ্ঞানহীন আচরণের জন্য বিভিন্ন মহল বিধায়কের নিন্দায় সরব হয়। এরপরই বিধায়কের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) প্রেমচাঁদ নাগকে বরখাস্ত করা হয়। বলাঙ্গিরের পুলিশ সুপার অভিলাষ জি এব্যাপারে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। টিটিলাগড় থানার পক্ষ থেকে বিজেপি বিধায়ক ও তাঁর পিএসও-রও বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতার ১২৫ ধারা এবং অস্ত্র আইনের ২৫ ধারাতেও অভিযোগ আনা হয়েছে।