


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবতের ‘চষে যাওয়া উর্বর জমি’-তে ফসল ফলাতে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। কেন্দ্রের শাসক দলের সর্বোচ্চ পদে বসার পর আগামী মঙ্গল ও বুধবার দু’দিনের বঙ্গ সফরে আসছেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে ১১ দিন ধরে বর্ধমানে ছিলেন সরসংঘচালক ভাগবত। গেরুয়া শিবিরের প্রধান অভিভাবক একাধিক রুদ্ধদ্বার সাংগঠনিক বৈঠক করেছিলেন। প্রকাশ্য সমাবেশেও হাজির হয়েছিলেন তিনি। সেখান থেকে তিনি সার্বিক ‘হিন্দু জাগরণ’-এর ডাক দিয়েছিলেন। পরবর্তীতে সংঘের রাজনৈতিক শাখা বিজেপির নেতাদের মুখেও সেই কট্টর মেরুকরণের বার্তা শোনা গিয়েছে। সূত্রের দাবি, গত এক বছরে রাজ্য বিজেপির ‘বর্ধমান বিভাগ’ আগের তুলনায় আরও বেশি ইতিবাচক হয়েছে পদ্ম শিবিরের জন্য। এবার সেই ‘উর্বর’ বিভাগ থেকেই বিধানসভা নির্বাচনে ফায়দা তুলতে আসছেন নীতিন। দিল্লির এক বিজেপি নেতার কথায়, ‘এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বিজেপি সবচেয়ে নিরাপদ বিভাগ বর্ধমান। আসন্ন নির্বাচনে এই বিভাগ থেকে চমকে দেওয়ার মতো ফল আশা করা হচ্ছে। এ সংক্রাম্ত বিস্তারিত রিপোর্ট কেন্দ্রীয় সভাপতির নজরে রয়েছে। তাই নীতিনজি তাঁর প্রথম বাংলা সফরে বর্ধমানকেই বেছে নিয়েছেন।’ জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ অন্ডাল বিমানবন্দরে নামবেন বিহারের প্রাক্তন মন্ত্রী নীতিন। সন্ধ্যায় দুর্গাপুরের এক হোটেলে জেলা ও বিভাগের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক সারবেন। পরদিন, বুধবার সকালে এই বিভাগের কর্মীদের নিয়ে বিশেষ সম্মেলনে যোগ দেবেন। দুপুরে রানিগঞ্জে আসানসোল জেলার কর্মীদের নিয়ে বৈঠক করবেন তিনি।