


সংবাদদাতা, বসিরহাট: বুধবার বসিরহাটে বিজেপির জেলা অফিস থেকে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর অনুন্নয়নের চার্জশিট প্রকাশ করলেন। বসিরহাটের একাধিক বিধানসভা কেন্দ্রের দুর্নীতি নিয়ে সেখানে অভিযোগ করা হয়েছে। চার্জশিটে বলা হয়েছে, বসিরহাটে ইছামতী নদী থেকে অবৈধভাবে বালি তুলে পাচার করছেন তৃণমূল নেতারা। বসিরহাট এলাকায় একাধিক রাস্তাঘাট এখনও পর্যন্ত তৈরি করা হয়নি এবং হলেও তা নিম্নমানের সামগ্রী দিয়ে করায় দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া ইছামতীর পাড় দখল করে এক তৃণমূল নেতা বাড়ি তৈরি করেছেন। আর টাকি পুরসভার এক নেতা অবৈধভাবে সরকারি জায়গা লিজ নিয়ে রেখেছেন।
চার্জশিটে আরও অভিযোগ, হাড়োয়া ব্লকের একাধিক সরকারি প্রকল্পেও দুর্নীতি করেছেন তৃণমূল নেতারা। মিনাখাঁয় অধিকাংশ রাস্তার কাজের অনুমোদন পাওয়ার পরও তা তৈরি করা হয়নি। হিঙ্গলগঞ্জের প্রান্তিক এলাকাতেও প্রশাসনের কোনো নজরদারি না থাকায় একাধিক প্রকল্পে দুর্নীতি হয়েছে। যদিও এনিয়ে বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বলেন, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে সারা বছর কোনো জনসংযোগ করেন না বিজেপি নেতারা। এখন সামনে বিধানসভা ভোট। তার আগে ওঁরা তৃণমূলের নামে কুৎসা ছড়াচ্ছেন।