


বর্ধমান, ১৫ সেপ্টেম্বর: রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হুশিয়ারি সার। ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন স্থানে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ অব্যাহত। তবে পূর্ব বর্ধমানে জামালপুরে যে ঘটনা ঘটেছে, তার দৃষ্টান্ত খুব একটা নেই। বালির ঘাটে তোলা চাইতে গিয়ে বিপাকে পড়লেন পদ্ম পার্টির লোকজন। তাঁদের দড়ি দিয়ে বেঁধে রাখলেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। রীতিমতো হাতে-পায়ে ধরে ক্ষমা চেয়ে কোনোরকমে রেহাই পান অভিযুক্তরা। গোটা ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে জামালপুরের বালিঘাটে হাজির হন কয়েকজন লোক। তাঁরা এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। সেখান থেকে তাঁরা লক্ষাধিক টাকা দাবি করেন বলে অভিযগ। কিন্তু নদী থেকে বালি তোলার বৈধ নথি থাকায় আগন্তুকদের দাবি মতো টাকা দিতে অস্বীকার করেন বালি ঘাটের মালিক। যা থেকে শুরু হয় বচসা। অভিযোগ, এক সময় গন্ডগোল পাকানোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। যার ফলে সেখানে আশেপাশের গ্রামের লোকজন জড়ো হতে থাকেন। এর পরে দ্রুত বদলে যায় পরিস্থিতি। তোলা চাইতে আসা বিজেপি কর্মীদের পাকড়াও করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। দড়ি দিয়ে তাঁদের হাত বেঁধে দেওয়া হয়। পরিস্থিতি বেগতিক বুঝে গ্রামবাসীদের কার্যত হাতেপায়ে ধরা শুরু করেন অভিযুক্তরা। নিজেদের ভুল স্বীকার করে কোনোরকমে সে যাত্রায় ছাড় পান তাঁরা।
আটক বিজেপি কর্মীদের দাবি, এক নেতার নির্দেশেই তাঁরা বালিঘাটের চালান দেখতে গিয়েছিলেন। কিন্তু এই এক্তিয়ার তাঁদের আছে কি? স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের পাশে দাঁড়ায়নি বিজেপি নেতৃত্ব। দলের মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল বলেন, ‘আমাদের দল এই ধরনের ঘটনা সমর্থন করে না। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।’