


সংবাদদাতা, ময়নাগুড়ি: রাগের মাথায় দাদার তিনটে আঙ্গুল কেটে নিল ভাই। ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির হুসলুর ডাঙ্গা এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আজ, শুক্রবার ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে আহতদের পরিবার।
জানা গিয়েছে, জমি বিবাদকে কেন্দ্র করে গতকাল দুই ভাইয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। এরপর বিবাদের জেরে দাদার আঙ্গুল কেটে নেয় অভিযুক্ত ভাই। এর পাশাপাশি তাঁর ছেলের হাতে কোপ মারা এবং মারধরের অভিযোগও উঠেছে। আহত ব্যক্তিরা হলেন উপেশ্বর রায় এবং তাঁর ছেলে পরিমল রায়। বর্তমানে দুজনের অবস্থাই আশঙ্কাজনক। আপাতত তাঁরা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে, অভিযুক্ত উত্তম রায়ের দাবি তাঁদের উপরে নাকি হামলা করেছিল পরিমল। তাঁর বাবার মাথায় কোপও মারে বলে অভিযোগ। এর পাশাপাশি দাদার উপরও হামলা করা হয়েছে বলে দাবি। তাঁরাও শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকিৎসাধীন রয়েছেন। দুজনের অবস্থাই আশঙ্কাজনক। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা।