


সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটের মাথরুন স্কুল থেকে শুক্রবার সবেমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বের হয়েছে ছাত্রী। তাকে নিতে বাবা-মা হাজির। আচমকা ছন্দপতন। ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করে দেয় প্রেমিক। চারিদিকে লোকজন হতভম্ব হয়ে যায়। শেষে প্রেমিক যুবককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে ভ্যালেন্টাইন্স ডে-তে প্রেমিকাকে নিতে এসে শ্রীঘরে যেতে হল যুবককে। শনিবার ধৃত সোমনাথ গড়াইকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়। বিচারক তার জামিন মঞ্জুর করেন। ধৃতের বাড়ি মঙ্গলকোটের কাঁকোড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাঁকোড়া গ্রামের বাসিন্দা সোমনাথ একটি রেষ্টুরেন্টে কাজ করে। সে উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে। তিন বছর ধরে এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক মেনে নেয়নি ছাত্রী পরিবার। এদিন ওই ছাত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিল সোমনাথ। কিন্তু সে ভাবতে পারেনি প্রেমিকার বাবা-মা সেখানে হাজির থাকবে। প্রেমিকার হাত ধরে টানাটানি করতেই ছাত্রীর বাবা ও মা চিৎকার চেঁচামেচি শুরু করায় স্থানীয়রা তাকে ধরে ফেলে।
ওই ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে ওই যুবক বিরক্ত করছিল। এদিন মেয়ে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর তার হাত ধরে টানাটানি করেছিল।