


নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : রাস্তার পাশে নয়ানজুলিতে বাস উল্টে দুর্ঘটনা। আহত বেশ কয়েকজন যাত্রী। আজ মঙ্গলবার সকাল ১১টা ১৫ নাগাদ রায়গঞ্জ শহর ঘেঁষা দোস্তিমোড় এলাকায় পুরোনো জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনার পরই ৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ মেডিক্যালে পাঠানো হয়েছে। তার মধ্যে ৩ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। এরপর সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে রায়গঞ্জ থানা ও ট্রাফিক গার্ডের পুলিস, দমকল বাহিনী। ক্রেন দিয়ে দুর্ঘটনা কবলিত উল্টে থাকা বাসটিকে সরানোর কাজ শুরু করা হয়।
বাসের যাত্রী যশোদা বর্মণ বলেন, “মালদহ থেকে বাসটি রায়গঞ্জের দিকে আসছিল। আমি দুর্গাপুর থেকে বাসে উঠেছিলাম। এরপর কয়েক কিমি যেতে না যেতেই বাসটি আচমকা বিকট আওয়াজ করে উল্টে যায়। সকলে বলাবলি করছে, একটা টোটোকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছে।”