


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের অফিসে গন্ডগলের ঘটনায় এবার পুলিশের স্ক্যানারে প্রাক্তন আইপিএস তথা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রবিবার তাঁর কসবার বাড়িতে যায় শেক্সপিয়র সরণি থানার পুলিশ। ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিযুক্ত তৃণমূল বিধায়ককে তলব করে নোটিস ধরানো হয়। পুলিশ সূত্রে খবর, আগামী বুধবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। পুলিশের নোটিসে বলা হয়েছে, ওইদিন দুপুর ১২টা নাগাদ তাঁকে থানায় হাজিরা দিতে হবে। এর আগে দুবার তাঁকে নোটিস ধরানোর জন্য পুলিশ হুমায়ুনের বাড়িতে যায়। কিন্তু, দুবারই নিরাপত্তারক্ষীরা উর্দিধারীদের জানান তিনি বাড়িতে নেই। রবিবার তিনি কসবার বাড়িতেই ছিলেন। এদিন পুলিশ যায়। নিরাপত্তারক্ষীরা নোটিস গ্রহণ করে তৃণমূল বিধায়কের কাছে পৌঁছে দেন। তিনি সই করে সেই নোটিস গ্রহণ করেন বলে পুলিশ সূত্রের খবর। একইসঙ্গে, নিরাপত্তারক্ষী মারফতই তিনি পুলিশকে বার্তা দেন, সোমবারও তিনি থানায় হাজিরা দিতে পারেন। হুমায়ুন বলেন, ‘ঘটনার দিন কোনো সরকারি নিয়ম মানা হয়নি। নোটিস ছাড়াই সেদিন পুলিশ ও পুরসভা ভিতরে ঢোকার চেষ্টা করে।’ একইসঙ্গে, পুলিশকর্মীদের গায়ে হাত দেওয়ার অভিযোগকে অস্বীকার করেছেন প্রাক্তন আইপিএস।