


নিউ ইয়র্ক: ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠলেন কার্লোস আলকারাজ। রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচে দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা দাপটে ৭-৬ (৭-৩), ৬-৩, ৬-৪ সেটে হারালেন আর্থার রিনডারনেচকে। এগিয়ে চলেছেন শীর্ষ বাছাই জানিক সিনারও। তৃতীয় রাউন্ডের ম্যাচে ইতালিয়ান তারকা তিন ঘণ্টা ১২ মিনিটের লড়াইয়ে ৫-৭, ৬-৪, ৬-৩, ৬-৩ সেটে হারান ডেনিস সাপোভালভকে। শেষ ষোলোয় সিনারের প্রতিপক্ষ আলেকজান্ডার বুবলিক। চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করলেন টেলর ফ্রিৎজ, লরেঞ্জো মুসেত্তি, আন্দ্রে রুবলেভও। তবে তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন আলেকজান্ডার জেরেভ। তৃতীয় বাছাই জার্মান তারকাকে ৪-৬, ৭-৬ (৯-৭), ৬-৪, ৬-৪ সেটে বশ মানান কানাডার ফিলিক্স আগুয়ের।
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে শেষ আটে উঠেছেন চতুর্থ বাছাই জেসিকা পেগুলা। চতুর্থ রাউন্ডের ম্যাচে তিনি ৬-১, ৬-২ সেটে হারান অ্যান লি’কে। দ্বিতীয় বাছাই ইগা সুইয়াটেক ৭-৬ (৭-২), ৬-৪ ব্যবধানে কালিনস্কায়াকে হারিয়ে উঠলেন চতুর্থ রাউন্ডে। জিতেছেন কোকো গফও। এদিকে, পুরুষদের ডাবলসে প্রথম রাউন্ডের বাধা টপকালেন ভারতের য়ুকি ভামব্রি। নিউজিল্যান্ডের মাইকেল ভেনাসের সঙ্গে জুটি বেঁধে নেমেছিলেন তিনি। ৬-০, ৬-৩ সেটে তাঁরা বশ মানালেন মার্কিন জুটি মার্কোস আন্দ্রেস গিরন ও লার্নার তিয়েনকে।