


নয়াদিল্লি: ই-২০ জ্বালানি নিয়ে গাড়ি ও বাইক চালকদের অভিযোগের পাহাড়। এরই মধ্যে এবার জ্বালানি হিসাবে ১০০ শতাংশ ইথানল ব্যবহারে ছাড়পত্র দিল কেন্দ্র। সোমবার ১৯৮৯ সালের মোটরযান আইনে সংশোধনীর নির্দেশিকা জারি করে কেন্দ্র জানিয়েছে, ই-৮৫ ( ৮৫ শতাংশ ইথানল, ১৫ শতাংশ পেট্রোল) ও ই-১০০ জ্বালানিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমদানি করা পেট্রোলিয়ামের উপর নির্ভরশীলতা কমাতেই এই সিদ্ধান্ত। পরিবহণ মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, শুধুমাত্র নির্দিষ্ট কিছু গাড়িতেই ই-৮৫, ই-১০০ এর মতো বেশি ইথানল জ্বালানি ব্যবহার করা যাবে। সাধারণ ক্ষেত্রে আগের মতোই ই-২০ জ্বালানি ব্যবহার করা হবে। অন্যদিকে ওয়াকিবহাল মহল জানিয়েছে, ই-১০০ বা বেশি ইথানল মিশ্রিত জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমাদের বর্তমান গাড়িতে বেশ কিছু পরিবর্তন করতে হবে। তাদের মধ্যে সিল, ফুয়েল লাইন, ইঞ্জেকটরের মতো বেশ কিছু যন্ত্রাংশ রয়েছে। বদল করতে হবে ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমেও। মাইলেজও পেট্রোলের তুলনায় কিছুটা কম হওয়ায় এই গাড়ির ট্যাংক বড়ো হবে নতুবা বারবার গাড়িতে জ্বালানি ভরতে হবে।