


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার মাত্র ছ’মাসের মধ্যে মেট্রো রেলের যাত্রী ভাড়া বৃদ্ধি করে দিল মোদি সরকার। সোমবার থেকেই এই নয়া ভাড়া কার্যকর করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)। দিল্লি মেট্রো কর্তৃপক্ষের দাবি, ২০১৭ সালের পর ২০২৫ সালে যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘ আট বছর পরে যাত্রী ভাড়া বাড়ানো হলেও বৃদ্ধির পরিমাণ খুবই সামান্য। দূরত্ব ভেদে এই যাত্রী ভাড়া বৃদ্ধির পরিমাণ এক টাকা থেকে চার টাকা। যেমন, প্রথম ৫ কিলোমিটারের দু’টি স্ল্যাবে ভাড়া বাড়ানো হয়েছে এক টাকা। পাঁচ থেকে ১২ কিলোমিটারের জন্য বেড়েছে দু’টাকা। ১২ থেকে ২১ কিলোমিটারের জন্য তিন টাকা ভাড়া বাড়ানো হয়েছে এবং ২১ থেকে ৩২ কিলোমিটার ও তার বেশি দূরত্বের জন্য ভাড়া বাড়ানো হয়েছে চার টাকা।
এতদিন দিল্লি মেট্রোর মাথাপিছু যাত্রী ভাড়ার পরিমাণ ছিল সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বাধিক ৬০ টাকা। সোমবার থেকে তা বৃদ্ধি পেয়ে হয়েছে ন্যূনতম ১১ টাকা থেকে সর্বাধিক ৬৪ টাকা পর্যন্ত। অন্যদিকে, জাতীয় ছুটির দিন এবং রবিবারে এতদিন এর পরিমাণ ছিল সর্বনিম্ন ১০ টাকা থেকে সর্বোচ্চ ৫০ টাকা। এদিন থেকে যে নতুন ব্যবস্থা চালু হয়েছে, তাতে এর বর্ধিত পরিমাণ হয়েছে ১১ টাকা থেকে ৫৪ টাকা।
ইতিমধ্যেই এই ব্যাপারে সরব হয়েছে বিভিন্ন বিরোধী দল। তাদের অভিযোগ, দিল্লিতে মেট্রো রেল যোগাযোগের অন্যতম প্রধান ‘লাইফ লাইন’ হিসেবেই পরিচিত। যাত্রী ভাড়া বৃদ্ধি করে আদতে সেই ‘লাইফ লাইন’কেই বিপর্যস্ত করে দেওয়ার চেষ্টা করছে মোদি সরকার। দিল্লি মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্মার্ট কার্ডে ছাড়ের পরিমাণ একই থাকছে। কর্তৃপক্ষের দাবি, সারা বিশ্বের নিরিখে সবথেকে সস্তায় দিল্লি মেট্রোয় চড়তে পারেন যাত্রীরা।