


নয়াদিল্লি: ট্রাম্প, বিল গেটস কিংবা স্টিফেন হকিং, এপস্টাইন বিতর্কে নাম জড়িয়েছে বিশ্বের তাবড় নেতা, বিজ্ঞানীদের। বাদ যাননি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কিংবা কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আগেই অবশ্য প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিতর্কিত ফাইলের নাম জড়ানোর বিষয়টা অস্বীকার করেছে নয়াদিল্লি। এবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপকেও ক্লিনচিট দিল কেন্দ্র।
সরকারি সূত্রের দাবি, তথাকথিত ‘এপস্টাইন ফাইলস’-এর সঙ্গে পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিংয়ের নাম জড়ানোর অভিযোগকে গুরুত্ব দিয়েই দেখেছে কেন্দ্রীয় সরকার। এই নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা চলেছে। রেকর্ড করা হয়েছে মন্ত্রীর বক্তব্যও। তবে প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে কেন্দ্রের মত, মন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর বা অপরাধমূলক কিছুর প্রমাণ মেলেনি। বিতর্কের সূত্রপাত সংবাদমাধ্যমের প্রকাশিত কিছু প্রতিবেদনকে ঘিরে। যেখানে দাবি করা হয় এপস্টাইন ফাইলে একাধিকবার উল্লেখ রয়েছে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপের নাম। কংগ্রেসের দাবি, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের সঙ্গে পুরীর ৬২টি ইমেল আদানপ্রদান হয়েছিল। ওই সময়ে ১৪টি বৈঠকের নথিও রয়েছে। এই অভিযোগকে সামনে রেখে তাঁর পদত্যাগের দাবি তোলে হাত শিবির। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছিলেন হরদীপ। এবার কেন্দ্রের অভ্যন্তরীণ তদন্তেও বলা হল, মন্ত্রীর বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলেনি। তাই মন্ত্রিসভা থেকে অপসারণের প্রশ্নই ওঠে না। হরদীপ সিং পুরী। ফাইল চিত্র।