


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সামনেই দুর্গাপুজো। কেনাকাটাও প্রায় শুরু হয়ে গিয়েছে। তারই মধ্যে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিদ্যুতের বিলে ছাড়ের সঙ্গে জব কার্ড হোল্ডারদের জন্য বার্ষিক ৩৪ হাজার টাকা করে দেওয়া হবে, সেকথাও জানালেন তিনি। আজ, শুক্রবার পূর্ব বর্ধমানের এক প্রশাসনিক সভা থেকে তিনি জানান, ‘চার লক্ষ কৃষক প্রতি ইউনিটে ২ টাকা করে ভর্তুকি পাবেন। বছরে প্রায় ২৫ থেকে ৩০ হাজার ছাড় দেওয়া হবে।’ রাজ্য সরকারের কৃষকদের জন্য চালু করা এই নতুন স্কিমে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা এই ৪ লক্ষ কৃষকের জন্য ৩০০ কোটি টাকা খরচ করব।’
এদিন পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধিতে বছরে ৬ হাজার টাকা করে পেতেন রাজ্যের কৃষকরা। আমাদের জনকল্যাণ শিবিরে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদেরকেও যুক্ত করেছি। ৬ হাজারের সঙ্গে আমরা আরও ৩ হাজার টাকা দিয়ে পিএম কিষাণ সম্মান নিধিতে মোট ৯ হাজার টাকা দেব। যাতে উপকৃত হবে ৫৪ লক্ষ কৃষক পরিবার।
সভা থেকে আলু চাষিদের জন্যও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যখন প্রচার করতে এসেছিলাম, আলু চাষিরা ছুটে এসেছিলেন। বিগত সরকার আলু চাষিদের উপর অত্যাচার করেছিল। আমরা আলু চাষিদের ভর্তুকি এবং সার সরকারিভাবেই দেব। ডিসেম্বর থেকে আলু লাগানোর জন্য জমি তৈরি করবেন। জানুয়ারি থেকে ফলন শুরু হবে। তার আগে আলু চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করব।’
সভা থেকে তিনি আরও বলেন, প্রত্যেক জব কার্ড হোল্ডাররা যেন ১২৫ দিনের কাজ পান তা নিশ্চিত করতে হবে। ১২৫ দিনের কাজের গ্যারান্টি দিলাম। প্রত্যেকদিন ৩০০ টাকা করে গ্যারান্টি দিলাম। ৩৪ হাজার ৫০০ টাকা করে আপনাদের দেব, সেই গ্যারান্টিও দিলাম। আজ, শুক্রবার পূর্ব বর্ধমানে পৌঁছে তিনি সবার প্রথমে সর্বমঙ্গলা মন্দিরে পুজো দেন। এরপরে তিনি যোগ দেন প্রশাসনিক সভায়। সেই সভা থেকেই কৃষকদের জন্য এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।