


নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হালিশহর থানার লক আপে বিরজু কেয়টের মৃত্যুর তদন্ত শুরু করল সিআইডি। তদন্তে নেমে সিআইডি অফিসাররা কথা বলেছেন তদন্তকারী অফিসার এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের সঙ্গে। তবে ময়নাতদন্তে রিপোর্ট এখনও এসে পৌঁছায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। প্রাথমিকভাবে সিআইডি অফিসাররা জানতে পেরেছেন, লক আপে মারধরের কারণেই মৃত্যু হয়েছে যুবকের। পুলিশ সূত্রে খবর, তদন্তে যাতে ফাঁকফোকর না থাকে, সেই কারণেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিআইডি তদন্তের সিদ্ধান্তে খুশি বিরজু কেয়টের পরিবার। মুখ্যমন্ত্রীর উপর তাঁদের পূর্ণ আস্থা রয়েছে বলেও জানিয়েছেন তাঁরা। পরিবারের দাবি, সিআইডি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক এবং ঘটনায় যারা দোষী, তাদের উপযুক্ত শাস্তি হোক।
বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাসের দাবি, এর থেকেই প্রমাণ হয় আগের সরকার সব ধামাচাপা দিতে চাইত। কিন্তু এই সরকার পরিবারের পাশে দাঁড়িয়েছে এবং প্রকৃত সত্য যাতে উঠে আসে তার ব্যবস্থা করছে। পরিবারের কেউ দাবি করেনি কিন্তু সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিরজুর স্ত্রী জেনি শর্মা কেয়ট জানিছেন, আমরা চাই দোষী ব্যক্তির সাজা হোক। শুধু দোষী পুলিশ অফিসারদের সাসপেন্ড করলে হবে না, তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। সিআইডি অফিসাররা যাতে সঠিক তদন্ত করে, সেই দাবি জানান তিনি। গত সপ্তাহে মৃতের বাড়িতে গিয়ে স্ত্রীকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তবে সেই সংক্রান্ত কোনো তথ্য তিনি এখনও পাননি।