


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডার্বিতে সিনিয়র ফুটবলার খেলিয়েও ইস্ট বেঙ্গলকে হারাতে পারেনি মোহন বাগান। এই নিয়ে ঘরে-বাইরে সমালোচনার মুখে সবুজ-মেরুন ব্রিগেড। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতা লিগের সুপার সিক্সে নামছে পালতোলা নৌকা। ঘরের মাঠে প্রতিপক্ষ কোল ইন্ডিয়া। ডার্বির ফল (১-১) ভুলে জয়ে চোখ বাস্তব রায়ের দলের।
চলতি মরশুমে মোহন বাগানের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব সুস্পষ্ট। হেভিওয়েট দল গড়েও প্রত্যাশিত সাফল্য আসছে না। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের কাছে ১-৪ ব্যবধানে বিধ্বস্ত হয়ে ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছে তাদের। সেই আক্ষেপ মেটাতে কলকাতা লিগ জিততে বদ্ধপরিকর সবুজ-মেরুন দল। আর বৃহস্পতিবারের প্রতিপক্ষ কোল ইন্ডিয়া গ্রুপ বি’-এর শীর্ষে থেকে সুপার সিক্সে উঠেছে। তাছাড়া তাদের দলে আজহারউদ্দিন মল্লিক, শেখ ফৈয়াজদের মতো মোহন বাগানের প্রাক্তনীরা রয়েছেন। তাই এই ম্যাচেও সিনিয়র প্লেয়ারদের খেলানো হবে। বুধবার বিকেলে ক্লাবের মাঠে পানাজিওটিসের তত্ত্বাবধানেই মহড়া সারল সবুজ-মেরুন ব্রিগেড। পাশে ছিলেন বাস্তব রায়। সুপার সিক্সে ভালো ফল করতে না পারলে তাঁর বিদায়ঘণ্টা বাজবে। যা ইঙ্গিত তাতে, কোল ইন্ডিয়ার বিরুদ্ধে প্রথম একাদশে একাধিক পরিবর্তন হতে পারে। বুধবার অনুশীলনে রক্ষণভাগে মেহতাবকে বসিয়ে শুভাশিসকে সেন্টার ব্যাকে রেখে সিচুয়েশন প্র্যাকটিস করানো হয়েছে। আর লেফট ব্যাকে রবিলাল মান্ডি। মাঝমাঠেও আপুইয়া ও তন্ময়ের জায়গায় খেলতে পারেন দীপক টাংরি ও সন্দীপ মালিক। রবিলাল দলে আসায় ৬ জন বাঙালি প্লেয়ারের সমীকরণ ঠিক থাকছে। তাই লেফট উইংয়ে সায়নের জায়গায় শুরু করতে পারেন লিস্টন কোলাসো। এছাড়া আক্রমণভাগে থাকবেন মনবীর ও কিয়ান। ফিডারের ভূমিকায় সাহাল। এদিকে, এদিন বিদেশিরা আলাদাভাবে প্র্যাকটিস করলেন। ম্যাকলারেন ব্যক্তিগত কারণে দু’দিনের জন্য দেশে ফিরে গিয়েছেন। চোটগ্রস্ত বিশাল কাইথ অনুশীলনে যোগ দিলেও রিহ্যাব করে কাটালেন। তবে সবুজ-মেরুন জনতার যাবতীয় আগ্রহ এখন ঘরোয়া লিগকে ঘিরেই।
এদিকে, ইস্ট বেঙ্গলের সুপার সিক্সের ম্যাচ একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তার জেরে মোহন বাগান-ইউনাইটেড ম্যাচও ১৩-এর বদলে ১৪ সেপ্টেম্বর করা হয়েছে। শোনা যাচ্ছে, আইএফএ-এর এমন সিদ্ধান্তে হতাশ মোহন বাগান ম্যানেজমেন্ট। তারা ফোন করে সেটা জানিয়েওছে বঙ্গীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে।
মোহন বাগান মাঠে খেলা শুরু বিকেল তিনটেয়। সম্প্রচার নম্বর ১০ স্পোর্টস অ্যাপে।